প্রধানমন্ত্রীর ঘোষণার পর আন্দোলন স্থগিত
সরকারি চাকরিতে সব ধরনের কোটা তুলে দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার পর কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা আন্দোলন আজ বুধবারের মতো স্থগিত করেছেন।
আজ সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)রাজু ভাষ্কর্যে চলমান এ আন্দোলন স্থগিতের ঘোষণা দেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক।
নুরুল হক সাংবাদিকদের বলেন, আজকের মতো কর্মসূচি স্থগিত। রাতে কেন্দ্রীয় কমিটি বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় সংসদে দেওয়া বক্তব্য বিচার বিশ্লেষণ করবে।পরে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজু ভাষ্কর্যে সংবাদ সম্মেলন করে পরবর্তী ককর্মসূচি ঘোষণা করা হবে।
এর আগে আজ বিকেলে জাতীয় সংসদে সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানকের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে সব ধরনের কোটাব্যবস্থা তুলে দেওয়ার ঘোষণা দেন।
সংসদে প্রধানমন্ত্রী বলেন, ‘এখন ছাত্র-ছাত্রীদের সমস্যা হলো কোটা। তারা কোটা চায় না। সংস্কার যারা চাচ্ছে তারা তো কোনো কোটা চায় না, তাই কোনো কোটা পদ্ধতিরই থাকার দরকার নাই। কারণ যখন আলোচনা হয়েছে, তখন আমাদের সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের ও তাদের মহিলা প্রতিনিধিরা ছিল, সেখানে বলা হলো, তারা কোটা চায় না, তারা শুধু পরীক্ষা দিয়ে চলে আসবে। খুব ভালো কথা, আমি তখন খুব খুশি, কারণ আমি-ই নারী ক্ষমতায়নে সবথেকে বেশি কাজ করেছি।’




