215352

শক্র পুলিশের ‘বন্ধু সেবা’!

‘ক্যাম্পাসে পুলিশ কেন, প্রশাসন জবাব চাই’। কোটা সংস্কারের দাবিতে টিএসসির মোড়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের দেয়া নানা স্লোগানের মধ্যে এ ছিল অন্যতম। গত রোববার শাহবাগ মোড়ে আন্দোলনকালে সন্ধ্যা ও গভীর রাতে দফায় দফায় লাঠিচার্জ, টিয়ারসেল নিক্ষেপ, জলকামান নিয়ে হামলা চালিয়ে দেড় শতাধিক সাধারণ ছাত্রদের আহত করার কারণেই পুলিশের প্রতি সবার ক্ষোভের কারণ।

মঙ্গলবার থেকে সাধারণ শিক্ষার্থীরা শাহবাগ ছেড়ে টিএসসিতে আন্দোলন করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সতর্ক দৃষ্টি রাখলেও নিরাপদ দূরত্বে অবস্থান করছেন তারা। আন্দোলনকারীদের জন্য এবার অন্যরকম সেবার ব্যবস্থা রেখেছে পুলিশ।

আন্দোলনকারীদের তৃষ্ণা মেটাতে রাজু ভাস্কর্য়ের সামনে পানির টাংকির ব্যবস্থা রাখা হয়। চৈত্রের প্রখর রোদে স্লোগান আর মিছিল শেষে ক্লান্ত শিক্ষার্থীদের অনেকেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়াটার ট্যাংক থেকে পানি খেতে দেখা যায়।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বুধবার সকাল থেকে টিএসসি মোড়ে অবস্থান নিতে থাকে আন্দোলনকারী শিক্ষার্থীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাজারও শিক্ষার্থীর পদচারণোয় মুখরিত হয়ে উঠে রাজু ভাস্কর্য়ের চৌহদ্দি। প্রচণ্ড গরমে আন্দোলনকারীদের শরীর বেয়ে দরদর করে ঘাম ঝরতে থাকে। পুলিশের বিনামূল্যের পানি সেবার পাশাপাশি শিক্ষার্থীরা তৃষ্ণা মেটাতে হকারদের কাছ থেকে লেবুর শরবত, আইসক্রিম, শসা কিনে খায়।

আন্দোলনের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হকারদের ব্যবসা জমজমাট। সকাল থেকে রাত অবধি বিক্রিতে ভালো মুনাফা হচ্ছে বলে জানায় তারা।
সূত্র:জাগো নিউজ

ad

পাঠকের মতামত