“আমি কি এতই খারাপ হয়ে গেলাম?”
![]()
![]()
![]()
স্পোর্টস ডেস্কঃ সময় এখন পক্ষে নেই। যে ফর্মের কারণে তাকে সবাই চিনেছেন, সেই ফর্ম নেই অনেকদিন ধরে। তাসকিন আহমেদের খারাপ সময় যাচ্ছে, এমনটি বলাই যায়। তবে তাই বলে কি এতই খারাপ সময়, যে রাস্তাঘাটে খেলার টিপস পেতে হয় তাকে? তিনি জানান, খারাপ সময়ে অনেকেই ভালো খেলার পরামর্শ দিচ্ছেন তাকে। যদিও তাসকিন ব্যাপারটিকে ইতিবাচকভাবেই নেওয়ার চেষ্টা করছেন।
তাসকিন বলেন, ‘অনেক সময় অনেকের প্রশ্নের সম্মুখীন হতে হয়। কেন খারাপ খেলছো? দেখা যায় রিকশাওয়ালাও টিপস দেয়। বলে ভাই শর্ট বলটা কম করলে পারেন না? এই জায়গাটায় স্লোয়ার মারলে পারেন না? সবাই এখন উপদেশ দেয়।‘আমি কি এতই খারাপ হয়ে গেলাম?”
পরামর্শ হোক বা উপদেশ, একে তাসকিন দেখছেন শুভকামনার বহিঃপ্রকাশ হিসেবেই। তবে তিনি বলেন, ‘অবশ্যই সবাই আমার ভালো চায় বলেই উপদেশ দেয়। তবে মাঝে মাঝে নিজের কাছে খারাপ লাগে এই ভেবে যে, যেই দেখে সেই খারাপ বলছে, আমি কি এতই খারাপ হয়ে গেলাম?‘
মাঠের খেলায় অফ ফর্মের বিষয়টি তাসকিনকে বিমর্ষ করে রেখেছে ব্যক্তি জীবনেও। দেশের প্রথম সারির পেসার তাই তার ব্যক্তিগত জীবনকে আখ্যা দিলেন ‘মনমরা’ হিসেবে। তিনি বলেন, ‘সত্যি কথা বলতে খেলাধুলার দিক থেকে মনের মতো যাচ্ছে না। একজন পেশাদার খেলোয়াড়ের খেলাটা যখন মনের মতো না হয়, ব্যক্তিগত জীবনটাও কেমন জানি মনমরা হয়ে থাকে। আশা করি আগের চেয়ে ভালো খেলবো।’
![]()
![]()
![]()
![]()
ক্যারিয়ারের দৌড়ের ট্র্যাক যে অনেক লম্বা, সেটি বুঝতে পারছেন তাসকিন নিজেও। আর তাই কখনই ছাড়ছেন না হাল। তার ভাষ্য, ‘জীবনের এই ১০-১২টা খারাপ ম্যাচ মানেই তো আর জীবন শেষ না। যতদিন বেঁচে থাকবো খেলার প্রতি ভালোবাসা, প্যাশন অবশ্যই থাকবে। আমার আসলে ছোটখাট ইনজুরিও ছিল। যা হয়তো আমাকে ভালোভাবে পারফর্ম করতে দিচ্ছিলো না।’
সূত্র: বিডিক্রিকটাইম




