মেয়ে বিয়ে না দেয়ার প্রতিশোধ নিতে ডাকাত ভাড়া
![]()
![]()
![]()
![]()
বরিশালের মুলাদী উপজেলা বন্দরে মা-মেয়েকে জিম্মি করে ডাকাতির পর পালানোর সময় এক নারীসহ তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এ সময় তাদের কাছ থেকে চাপাতি ও মোবাইল এবং ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করা হয়।
আটকরা হলেন- গাজীপুর জেলার কাশিমপুর গ্রামের শহীদুল ইসলাম চৌধুরীর কন্যা মনি আক্তার, গাজীপুর চৌরাস্তা এলাকার জামাল ইসলামের ছেলে অভি ইসলাম সজিব এবং একই এলাকার হাসেম উদ্দীনের ছেলে আদর মাহমুদ হেলাল। আটক তিনজন সক্রিয় ডাকাত দলের সদস্য।
তারা মুলাদী বন্দরের জালাল হাওলাদারের ছেলে আবিরের ডাকে রোববার সকালে ঢাকা থেকে মুলাদীতে আসে এবং আবিরের নির্দেশেই শাহাবুদ্দিন হাওলাদারের বাসায় ডাকাতি করেছে বলে পুলিশকে জানায়।
সোমবার সকালে বরিশাল জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মুলাদী সার্কেল) কামরুল আহসান ও মুলাদী থানা পুলিশের ওসি জিয়াউল আহসান ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয়রা জানায়, রোববার রাত সাড়ে ৮টার দিকে মনি আক্তার প্রকৃতির ডাকে সাড়ার কথা বলে মুলাদী বন্দরের শাহাবুদ্দিন হাওলাদার বাসায় প্রবেশ করে। ওই সময় তার সঙ্গে আরও ৩/৪ ডাকাত ঘরে ঢুকে অস্ত্রের মুখে শাহাবুদ্দিনের স্ত্রী ঝর্না আক্তার ও কন্যা দীঘিকে (১১) জিম্মি করে বেঁধে ফেলে।
পরে ডাকাতদল ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকাসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে বেরিয়ে যায়। ডাকাতদল বেরিয়ে যাওয়ার পর ঝর্না ও দীঘি চিৎকার শুরু করলে পাশের লোকজন ছুটে আসে এবং ডাকাতির বিষয়টি জানাজানি হলে সবাই চারদিকে ছড়িয়ে পড়ে।
ডাকাতদল ইজিবাইকযোগে মুলাদী বন্দর রক্ষা বাঁধের ওপর দিয়ে যাওয়ার সময় দুলাল হাওলাদারের ছেলে সবুজ হাওলাদারসহ কয়েকজন যুবক তাদের দেখে ফেলে এবং ৩ ছেলের সঙ্গে ১টি মেয়েকে দেখে সন্দেহ হয়।
কিছুক্ষণ পরে যুবকরা ডাকাতির বিষয়টি জানতে পেরে ইজিবাইকটি খুঁজে খেজুরতলার গলইভাঙা এলাকা থেকে নারীসহ ৩ ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করে।
সহকারী পুলিশ সুপার (মুলাদী সার্কেল) কামরুল আহসান জানান, ডাকাতির পরিকল্পনাকারী আবির শাহাবুদ্দিন হাওলাদারের ভাতিজা। শাহাবুদ্দিন হাওলাদারের বড় মেয়েকে বিয়ে করতে চেয়েছিল আবির। তবে শাহাবুদ্দিন হাওলাদার তার মেয়েকে অন্যত্র বিয়ে দেন। এর প্রতিশোধ নিতে আবির ডাকাত ভাড়া করে। ওই লোকজন দিয়ে এ ডাকাতি সংগঠিত করে। এ ঘটনায় শাহাবুদ্দিনের স্ত্রী ঝর্ণা আক্তার বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। আবিরকে ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি।




