৩৬ ঘণ্টা রোজা রেখে সারারাত শুটিং করেছি: মিশা সওদাগর
![]()
![]()
![]()
![]()
এই ছবির জন্য রোজা রেখে ৩৬ ঘণ্টা জার্নি করে আমি আমেরিকা থেকে ঢাকায় আসি। এরপর সারারাত না ঘুমিয়ে টানা শুটিং করে বাসায় ফিরেছি। আমি চলচ্চিত্রকে ভালোবাসি। শিল্পীদের ভালোবাসি। ভালোবাসি আমার দেশকে। এই ছবির জন্য আমাদের কষ্ট বিফলে যাবে না। আমি ‘বিজলী’র সাফল্য কামনা করছি।
শুক্রবার ‘বিজলী’ ছবির সংবাদ সম্মেলনে এসব কথা বলেন খল-অভিনেতা ও শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। ছবিতে বিশেষ একটি চরিত্রে দেখা যাবে জনপ্রিয় এই চলচ্চিত্র অভিনেতাকে। আগামী ১৩ এপ্রিল মুক্তি পাবে ‘বিজলী’।
তিনি আরও বলেন, আমার সহকর্মী ববি এই ছবির প্রযোজক। আমার ছোট বোনের মতো সে। আমেরিকা থাকা অবস্থায় ববি আমার সঙ্গে যোগাযোগ করে। আমার জন্য দুইদিন ছবির শুটিংও পিছিয়ে দেয়া হয়। এটা তো সত্যি ববি (ববিকে উদ্দেশ্য করে)। ছবিতে আপনারা আমাকে দিয়ে মিথ্যা বলান। কিন্তু আমি বাস্তবে মিথ্যা বলি না। আমি ঢাকাইয়া মানুষ, কখনও মিথ্যা বলি না। ইফতেখার চৌধুরী দর্শকের পছন্দ বোঝে। সিনেমা হলে দর্শকদের ধরে রাখার ক্ষমতা আছে তার।
চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ও এফডিসি কেন্দ্রিক চলচ্চিত্র পরিবারের মধ্যে একধরনের শীতল লড়াই দীর্ঘদিন ধরেই চলছে।
এর রেশ ধরেই মিশা জাজের কর্ণধার আব্দুল আজিজকে উদ্দেশ্য করে বলেন, আজিজ ভাই আপনি একজন শিল্পমনা মানুষ। আমি আপনাকে চিনি এবং জানি। আপনি চলচ্চিত্রের জন্য কাজ করছেন। আপনি এফডিসিটাকে একবার বুকে ধারণ করে কাজ করেন না। আপনি এফডিসির মানুষদের নিয়ে কাজ করে দেখেন। আপনি কখনই ছোট হবেন না বরং বড়ই হবেন। আপনি তাদের ভালোবেসে দেখেন আপনাকে তারা তার চেয়ে বেশি ভালোবাসা দেবে।
‘বিজলী’ পরিচালনা করছেন ইফতেখার চৌধুরী। ছবিতে অভিনয় করেছেন ববি, রণবীর (কলকাতা), ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর, জাহিদ হাসান, আহমেদ রুবেল ও কলকাতার শতাব্দী রায়সহ অনেকে।




