এলাকা নিরাপদ থাকবে থানার ওসিরা ঠিক মতো দায়িত্ব পালন করলেই :স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক।। : থানার ওসিরা ঠিকমতো দায়িত্ব পালন করলে এলাকার নিরাপত্তা ঠিক থাকবে। আপনারা সেটাই করবেন। এতে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। গতকাল রাতে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে ওসিদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু যে পুলিশ বাহিনীর স্বপ্ন দেখেছিলেন বর্তমান পুলিশ সেই স্থানেই আছে। এরই মধ্যে জনবল বাড়ানো হয়েছে। থানায় কর্মরতদের থাকার জায়গা করা হয়েছে। যানবাহনও বৃদ্ধি করা হয়েছে। আপনারা যে ছয়টি দাবির কথা বলেছেন, তা নিয়ে কাজ করা হবে। তিনি বলেন, সেনাবাহিনীতে অস্ত্রের লাইসেন্সের জন্য ফি নেওয়া হয় না, কিন্তু পুলিশ সদস্যদের বেলায় তা নেওয়া হয়। আগামীতে যাতে এই ফি নেওয়া না হয় সেজন্য কাজ করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন এই দুটি সংগঠন একত্রে কাজ করলে অনেক সমস্যা সমাধান সম্ভব। এটি সবচেয়ে বড় সংগঠন। যার সদস্য সংখ্যা এক লাখ ৯৭ হাজার। আপনাদের দ্বারাই সম্ভব পুলিশের ইমেজ বৃদ্ধি করা। তিনি বলেন, আপনারা সবাই থানায় দায়িত্ব পালন করেন। থানাকেই ঘিরে বিপদগ্রস্ত মানুষের আনাগোনা। সেইসব মানুষদের আপনারা তাৎক্ষনিকভাবে রেসপন্স করেন। এতে পুলিশের ইমেজ বৃদ্ধি পাবে। বিপদগ্রস্ত মানুষদের আপনারা আশ্বস্ত করেন যে, আমরা চেষ্টা করছি আপনার কাজটি নিয়ে। বিপদে যারা থানায় আসেন, ভালোভাবে তাদের কথা শোনেন। তবেই তারা খুশি হবেন এবং দেখবেন রাতারাতি পুলিশের ভাবমুর্তি বদলে যাবে। আইজিপি বলেন, জঙ্গি ও সন্ত্রাসবাদ যেভাবে নির্মূল করা হয়েছে সেইভাবেই দেশ থেকে মাদকও নির্মূল করতে চাই। আপনারা যদি ভালভাবে কাজ করেন তবে এই মাদককেও দেশ থেকে বিতারিত করা সম্ভব।
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ভালো হলে চলবে না। তার চেয়ে থানায় কর্মরত পুলিশের সেবার মান যদি বৃদ্ধি পায় তবেই সমগ্র পুলিশের ভাবমুর্তি ভালো হবে। তবে আগের চেয়ে উন্নতি হয়েছে। মাঠ পর্যায়ের পুলিশ যেভাবে দেশ বিনির্মানে কাজ করছেন আগামীতেও করবেন। এবার জ্বালাও পোড়াও কারীদের কঠোর হাতে দমন করা হবে। সেক্ষেত্রে মাঠ পর্যায়ের এক লাখ ৯৭ হাজার পুলিশকে ভুমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতিঝিল থানার ওসি ও বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ওমর ফারুক। তিনি বলেন, ৯৮ বছর পর এই সংগঠনের অভিষেক হয়েছে। এই সংগঠন বিপদগ্রস্ত যেকোন পুলিশ সদস্যর পাশে থাকবে। সংগঠনের সাধারণ সম্পাদক ও তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ১৯২০ সালে ইস্ট বেঙ্গল পুলিশ অ্যাসোসিয়েশন গঠিত হলেও বাংলাদেশ পরবর্তী পুলিশ গঠন হলেও অ্যাসোসিয়েশন গঠিত হয়নি। এই প্রথম তার অভিষেক হলো। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কয়েকটি দাবি তুলে ধরেন। তা হলো- অবসরের পুলিশকে আদালতে সাক্ষী দিতে যেতে হয় কিন্তু বিল দেওয়া হয় না। অবসরে যাওয়ার পর অন্যান্য বাহিনীর সদস্যরা রেশন সুবিধা পেয়ে থাকেন। এমনকি তাদের স্ত্রীরাও পেয়ে থাকেন। কিন্তু পুলিশে সেই সুবিধা নেই। রেশন সুবিধাও দাবি করেন তিনি। পুলিশ হেফাজতে মৃত্যু নিবারণ আইন বাতিল করার আবেদন করেন তিনি। এ আইনে চাইলে যে কেউ মামলা করতে পারে। পুলিশ একাডেমীতে উচ্চতর ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। ড্রেস কোডের ব্যবস্থা ও ঝুকি ভাতা চালু করতে হবে।




