ইউটিউবে হামলাকারী কে এই নাসিম আগদাম?
![]()
![]()
![]()
![]()
নিউজ ডেস্ক।। যুক্তরাষ্ট্রভিত্তিক ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবের সদর দপ্তর সান ব্রুনোতে হামলাকারী নারীর পরিচয় পাওয়া গেছে।
বুধবার মার্কিন নিরাপত্তা বাহিনী জানিয়েছে, হামলাকারী নারীর নাম নাসিম আগদাম, ইরানী বংশোদ্ভূত ওই নারীর বয়স ৩৯ বছর। নাসিম আগদাম দক্ষিণ ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগোর বাসিন্দা। তার একটি ইউটিউব চ্যানেল এবং একটি ওয়েবসাইট ছিল।তিনি যে সব ভিডিও পোস্ট করতেন তার মধ্যে প্রাণীর প্রতি নিষ্ঠুরতাকে তুলে ধরা হতো।
তবে আগদামকে বিভিন্ন জায়গায় একজন ‘ভেগান বডিবিল্ডার, শিল্পী এবং র্যাপ গায়ক’ বলে বর্ণনা করা হয়েছে।
প্রসঙ্গত, ইউটিউব কার্যালয়ের ওই হামলায় ৩ জন আহত হয়। তাদের মধ্যে একজন পুরুষ ও দু’জন নারী ছিলেন। বন্দুক হামলার পর নিজের উপর গুলি চালিয়ে আত্মহত্যা করেন আগদাম।
আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, ইউটিউবে নাসিম আগদাম যে সব ভিডিও পোস্ট করতেন তা ফিল্টার করা হচ্ছিল বলে তিনি ইউটিউব কর্তৃপক্ষের ওপর ক্ষিপ্ত ছিলেন। এমনকি গত জানুয়ারিতে এ নিয়ে অভিযোগ করেন। পাশাপাশি ফিল্টারিংয়ের কারণে অপেক্ষাকৃত কম লোক তা দেখতে পারছে এবং এ থেকে তিনি যে অর্থ আয় করতেন তাও কমে যাচ্ছে বলেও জানান আগদাম।
তিনি এডলফ হিটলারকে উদ্ধৃত করে তার ওয়েবসাইটে বলেন, একটা বড় মিথ্যেকে বারবার বলতে থাকলে এক পর্যায়ে লোকে তা বিশ্বাস করবে। নাসিম ওয়ান্ডারওয়ান নামে তার চ্যানেলটি এখন মুছে দেয়া হয়েছে। এর ৫ হাজার সাবস্ক্রাইবার ছিল।
আগদামের বাবা ইসমাইল বলেছেন, ইউটিউব তার ভিডিও’র জন্য অর্থ দেয়া বন্ধ করে দেয়ায় তার মেয়ে ক্রুদ্ধ ছিল। তিনি আরো জানান, দু’দিন ধরে নাসিম আগদাম তার ফোন ধরছিলেন না। সোমবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। এরপর ইউটিউব সদর দফতরের ১৫ মাইল দূরে রাস্তার ওপর পুলিশ তাকে খুঁজে পায়। তিনি গাড়ির মধ্যে ঘুমিয়ে ছিলেন বলে পুলিশ তার পরিবারকে জানায়, তবে আগদামকে আটক করা হয়নি।
এদিকে গুলিবর্ষণের ঘটনার পর নাসিম আগদামের একাউন্টটি বন্ধ করে দিয়েছে ইউটিউব। তার ফেসবুক এবং ইনস্টাগ্রাম একাউন্টও মুছে ফেলা হয়েছে।




