মাশরাফির ভাবনা অবসর ও রাজনীতি নিয়ে
বিনোদন ডেস্ক।। মাশরাফি বিন মুর্তজা। এই মানুষটি সম্পর্কে বলার অপেক্ষা রাখে না। শুধু বাংলাদেশ কেন, পুরো ক্রিকেট বিশ্ব তাকে মূল্যায়ন করে।
বাংলাদেশের এই উজ্জ্বল নক্ষত্র অনেক দিন ধরেই ক্রিকেট খেলছেন। ভবিষ্যতে তার পরিকল্পনা কী এ বিষয়ে তিনি বলেন, প্রায় ১৭-১৮ বছর ক্রিকেট খেলে অনেক কিছু পেয়েছি। ক্রিকেটের সাথে থাকতে পারা আনন্দের ব্যাপার, তবে ভবিষ্যতের কথা বলা কঠিন কী হবে। অবশ্যই আমি চাই মানুষকে সহযোগিতা করতে।
অবসরের পর পরিকল্পনা কী ক্রিকেট কোচিং না রাজনীতি? বিবিসি বাংলার এ প্রশ্নের জবাবে এ কথা বলেন মাশরাফি বিন মুর্তজা।
তবে এখনই অবসর নিয়ে ভাবছেন না মাশরাফি। তার ভাষ্যে, আমি ভবিষ্যৎ নিয়ে ভাবি না। বর্তমানে বিশ্বাস করি। হ্যাঁ, তবে একটা সময় তো আসবেই যখন মনে হবে, তখনকারটা তখন ভাববো।
ক্রিকেটারের জীবনটা কেমন উপভোগ করেছেন এমন প্রশ্নে মাশরাফির জবাবে, ‘ক্রিকেটটা আমার সাথে মানিয়ে গেছে। ক্রিকেটটাই আমার জন্য, এজন্যেই পেরেছি। এজন্যেই অপারেশন-ইনজুরি এসব কষ্ট কাটিয়ে উঠতে পেরেছি।
২০০১ সাল থেকে বাংলাদেশের জাতীয় দলে খেলছেন বাংলাদেশের অন্যতম সেরা এই পেস বোলার। ক্যারিয়ারের শুরু থেকেই ইনজুরি বাঁধা হয়ে দাঁড়ায় তার। শুধু হাঁটুতেই সাতবার অস্ত্রোপচার করিয়েছেন মাশরাফি।
মাশরাফির বাড়ি নড়াইলে। ক্রিকেট খেলার ফাঁকে প্রায়ই যান সেখানে। মাশরাফির সঙ্গে দেখা করতে প্রতিবারই তার বাড়ির আঙ্গিনায় ভিড় জমান অনেক চেনা-অচেনা মানুষ।
এই চাপ কীভাবে সামাল দেন এমন প্রশ্নে তিনি বলেন, কখনো কখনো একের পর এক মানুষ আসতেই থাকে। কিন্তু আমি দুই বা তিনদিনের বেশি ছুটি পাই না। ছোটবেলা থেকে নানা-নানীর কাছে বড় হয়েছি। যখন বাবা-মার সঙ্গে যাই, পারিবারিক একটা সময় কাটাতে চাই। কিন্তু তা কঠিন হয়ে যায়।
মাশরাফি বলেন, গত বছর থেকে বিকালে ও সকালে এক ঘণ্টা করে সময় ঠিক করে দেয়া হয়েছে। অনেক দূর থেকে অনেকে কষ্ট করে মানুষ আসে। একটা সময় তো তাদের দিতেই হয় তাই।
তিনি বলেন, জনপ্রিয় হবার আগের জীবনটাই বেশি উপভোগ করতেন। এই জীবনে অনেক দায়বদ্ধতা রয়েছে।
জাতীয় দলের হয়ে এখন টেস্ট বা টি-টোয়েন্টি না খেললেও ওয়ানডেতে মাশরাফি বেশ ভালোই ফর্মে আছেন। চলতি মৌসুমে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও সর্বোচ্চ উইকেট শিকারি করেছেন। এবারে আবাহনী দলের হয়ে খেলছেন তিনি।




