শিয়াল উদ্ধারে ফায়ার সার্ভিস
ডেস্ক রিপোর্ট : নিরাপত্তাকর্মীর চোখ ফাঁকি দিয়ে উত্তরা ১৩ নম্বর সড়কের ৮১ নম্বর বাড়িতে ঢুকে পড়ে একটি শিয়াল। ভেতরে দিগি¦দিক ছোটাছুটি। ভয়ে বাসার দরজা বন্ধ করে ভেতরে বসে ছিলেন বাসিন্দারা। এর পর শিয়াল তাড়ানোর দায় পড়ে বাড়ির নিরাপত্তাকর্মী রহমানের ওপর। কিন্তু তার ওপর ক্ষিপ্ত হয় বুনো পশুটি। সবশেষে ক্ষুধার্ত শিয়ালটি আশ্রয় নেয় সিঁড়ির নিচে পানির মোটরের পাশে। তবুও ভয় কাটেনি বসবাসকারীদের। অতঃপর ৯৯৯ হটলাইনে ফোন দেন বাড়ির মালিক। ফোন ট্রান্সফার হয় ফায়ার সার্ভিসে।
উত্তরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম বলেন, তাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে শিয়ালটিকে উদ্ধার করে উত্তরার ১৮ নম্বর সেক্টরে উন্মুক্ত স্থানে ছেড়ে দেয়।
বাড়ির মালিক জাবেদ আলী বলেন, প্রধান ফটকের নিচে ছয় ইঞ্চি ফাঁকা জায়গা রয়েছে। সেখান দিয়েই শিয়ালটি বাসার ভেতরে প্রবেশ করে খুব আক্রমাণত্মক হয়ে ওঠে। তাদের ধারণা, ১৩ নম্বর সেক্টরের পাশের যে কোনো এলাকা থেকে শিয়ালটি আসতে পারে। সূত্র : আমাদের সময়




