211156

নববধূর সাজে শ্বশুরবাড়ি যাওয়া হলো না মৌসুমীর

নববধূর সাজে শ্বশুরবাড়ি যাওয়া হলো না মৌসুমী আক্তার নামে এক তরুণীর। ঢাকার ধামরাই থেকে স্বামীর মোটরসাইকেলে চেপে প্রথমবারের মতো মঙ্গলবার সকাল ৯টার দিকে শ্বশুর বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপরে যাচ্ছিলেন। কিন্তু যাওয়া আর হলো না মৌসুমীর।

ধামরাই উপজেলায় সূত্রাপুর চৌরাস্তা এলাকায় ইটভাটার একটি বেপরোয়া ট্রাক কেড় নিল তার প্রাণ। মোটরসাইকেলকে চাপা দিলে ঘটাস্থলেই তার মৃত্যু হয়। তার স্বামী মোবারক হোসেনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ নিহত নববধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। গুরুতর আহত অবস্থায় স্বামী মোবারক হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পারিবারিক সূত্র জানায়, অনেক স্বপ্ন ছিল মৌসুমী নববধূর সাজে শ্বশুর বাড়ি যাবে। মাস খানেক আগে মৌসুমীর বিয়ে হয়। এখনও আনুষ্ঠানিকভাবে তাকে শ্বশুর বাড়িতে নেয়া হয়নি। তাই স্বামী মোবারক হোসেন মৌসুমীকে নেয়ার জন্য শ্বশুর বাড়িতে আসেন। মৌসুমীকে নববধূর সাজে সাজিয়ে মোবারক হোসেন মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে রওনা দেন। সকাল ৯টার দিকে ধামরাই-মির্জাপুর আঞ্চলিক মহাসড়কের সূত্রাপুর চৌরাস্তায় পৌঁছলে ট্রাক তাদেরকে চাপা দিলে মৌসুমী নিহত হন। গুরুতর আহত হন মোবারক। তার অবস্থা আশঙ্কাজনক।

কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) রাসেল মোল্লা জানান, সকাল ৯টার দিকে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। মোটরসাইকেলযোগে স্বামী-স্ত্রী সূত্রাপুর চৌরাস্তা এলাকায় পৌঁছলে ইটভাটার একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মৌসুমী নিহত হন। এ সময় গুরুতর আহত হন তার স্বামী মোবারক।

ad

পাঠকের মতামত