সাত বছরের ছেলে পুলিশ ইন্সপেক্টর!
খুদে ইন্সপেক্টর অর্পিত মণ্ডলএকদিনের জন্য হলেও স্বপ্ন পূরণ হল। বয়স মাত্র সাত বছর। অর্পিত মণ্ডলের ছোট্টবেলা থেকেই স্বপ্ন— বড় হয়ে পুলিশ হবে। হয়েও গেল। এক দিনের জন্য হলেও স্যালুট পেলেন ইন্সপেক্টর অর্পিত।
স্যালুট জানাতে হবে মুম্বাই পুলিশকেও। অর্পিতের স্বপ্ন পূরণ করার জন্য। কারণ মারণরোগ ক্যানসার বাসা বেঁধেছে তার শরীরে। ক্যানসারের সঙ্গে লড়াই চলছে। চিকিৎসকরা চেষ্টা করছেন কিন্তু সম্পূর্ণ সেরে ওঠার গ্যারান্টি নেই। তাই অর্পিতের স্বপ্ন জানতে পারার সঙ্গে সঙ্গেই স্বপ্নপুরণের সিদ্ধান্ত নেয় মুম্বাই পুলিশ।
গোটা দিন খুদে পুলিশ ইন্সপেক্টরকে নিয়ে মজাতেই কাটালেন মুলুন্দ থানার বাকি পুলিশকর্মী, অফিসাররা। ইন্সপেক্টরকে কেক খাওয়ানো থেকে কোলে নেওয়া সবই হয়েছে।
আর সেই ছবি মুম্বাই পুলিশ প্রকাশ করেছে টুইটারে। প্রশংসাও কুড়িয়েছে অনেক।
খাঁকি পোশাকে জব্বর মানিয়েছিল খুদে ইন্সপেক্টরকে।




