তরকারিতে ঝোল কম হওয়ায় গৃহবধুকে নির্মমভাবে স্বামীর নির্যাতন, অতঃপর….!
তরকারিতে ঝোল কম হওয়ায় শাম্মী আক্তার (১৮) নামে এক গৃহবধুকে নির্মমভাবে নির্যাতন করেছে তার স্বামী মিলন সরদার। বুধবার (২১ মার্চ) নওগাঁর রাণীনগর উপজেলার কালিগ্রাম ইউনিয়নের সিলমাদার গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পর স্থানীয়রা বিষয়টি জানতে পেরে শাম্মীর পরিবারকে খবর দিলে পুলিশের সহযোগিতায় শাম্মী আক্তারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করানো হয়।
জানা গেছে, উপজেলার কালিগ্রাম ইউনিয়নের সিলমাদার গ্রামের ইলিয়াস সরদারের ছেলে মিলন সরদারের সাথে একডালা ইউনিয়নের বিষঘড়িয়া গ্রামের রেজাউল করিমের মেয়ে শাম্মী আক্তারের প্রেম করে বিয়ে হয় ২০১৪ সালের ডিসেম্বর মাসে।
বিয়ের পর থেকে মিলন সরদার তার স্ত্রীকে বিভিন্ন কারণে অকারণে মারপিট করে। এদিন রান্নার বিষয় নিয়ে শাম্মী আক্তারকে ঘরে আটকে রেখে নির্মম ভাবে নির্যাতন করে তার স্বামী মিলন। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে তার পরিবারকে খবর দিলে পুলিশের সহযোগিতায় শাম্মি আক্তারকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করানো হয়।
নির্যাতনের স্বীকার গৃহবধূ শাম্মী আক্তার জানান, বিয়ের পর থেকেই স্বামী কারণে-অকারণে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। বুধবার তরকারিতে ঝোল কম হওয়ার কারণে স্বামী তাকে বর্বর নির্যাতন করে ঘরে আটকে রাখে।
এ ব্যাপারে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান জানান, নির্যাতন করার ঘটনাটি জানতে পেরে পুলিশ পাঠিয়ে গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




