তামিম-সাকিবরা খেলতে পারবেন না সুপার লিগে
স্পোর্টস ডেস্ক।।
জাতীয় দলের ব্যস্ততা সঙ্গে ইনজুরি- এসব কারণে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে খেলা হয়নি তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের। এখন আর জাতীয় দলের ব্যস্ততা নেই। তারপরও ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে গৌরবময় লিগের সুপার সিক্সে খেলা হবে না জাতীয় দলের এই তিন সিনিয়র ক্রিকেটারের।
কারণ তাদের নিজ নিজ দলই যে ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগে নাম লেখাতে পারেনি। একটা দলে না খেলা পর্যন্ত প্রথম পর্বে দল পরিবর্তনের সুযোগ ছিল। কিন্তু এখন আর দল পরিবর্তন করতে পারবেন না ক্রিকেটাররা।
এ মৌসুমে ঢাকা লিগ সাকিব মোহামেডানে, তামিম কলাবাগান ক্রীড়া চক্র এবং মাহমুদউল্লাহর দল ছিল প্রাইম ব্যাংক। তিনটি দলই সুপার লিগে উঠতে ব্যর্থ হয়েছে। আর তাই এখন তাদের অন্য দলে খেলারও সুযোগ নেই। সুপার লিগে এক ম্যাচ থেকে আরেক ম্যাচের মধ্যে দু’দিনের গ্যাপ থাকছে। বিষয়গুলো নিশ্চিত করেছেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রো পলিসের (সিসিডিএম) সমন্বয়কারী আমিন খান।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন আর দল পাল্টানোর কোনো সুযোগ নেই। সুপার লীগে দু’দিন করে ফাঁকা থাকছে। একদিন রিজার্ভ ও একদিন রিকওভারি ডে। রেলিগেশনের সব ম্যাচ বিকেএসপিতে।’
ঢাকা ক্রিকেটের সুপার লিগ ও অবনমনের ক্লাবগুলো নিয়ে সভা শেষে এই সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, ‘২৪ তারিখ থেকে সুপার লিগ ও ২৫ তারিখ থেকে রেলিগেশন লিগ শুরু হবে।’
যদিও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরুর আগে টিভিতে সুপার লিগ সম্প্রচারের কথা ছিল। তবে টিভিতে সম্প্রচার নিয়ে এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই।




