নেপালে বিমান দূর্ঘটনা: বেঁচে যাওয়া হাসি হারালেন চার আঙুল
নিউজ ডেস্ক।।
নেপালের কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় প্রাণে বেঁচে যান ইমরানা কবির হাসি। বেঁচে গেলেও হারিয়েছেন বাঁ হাতের চারটি আঙুল। তবে তার চেয়ে হাসির জীবনের সব চেয়ে বেশি কষ্টের হচ্ছে স্বামীকে হারানো। বিমান বিধ্বস্তে তার স্বামী সফটওয়্যার প্রকৌশলী রকিবুল হাসান মারা যান।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষক ইমরানা কবির হাসি এখন সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ওই হাসপাতালে বার্ন ইউনিটের কনসালটেন্ট ডা. সি জ্যাকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তিনি।
ডা. জ্যাকের বরাত দিয়ে ঢাকা মেডিকেলের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক সার্জন ডা. হোসেইন ইমাম বলেন, দুর্ঘটনার সময় বাঁ হাত দিয়ে ইমরানা কবির হাসি হয়ত কিছু হোল্ড করে ছিলেন। বার্ন আউট হয়ে তার আঙুলে আর কিছুই ছিল না, আমরা তা নেপালেই দেখেছি। তাই তার বাম হাতের চারটি আঙুল কেটে ফেলতে হয়েছে।
তিনি আরো বলেন, ইমরানা রিকভার করছেন। এখন তার ব্লাডে কিছু ইনফেকশন আছে। তার আরও কিছু চিকিৎসা লাগবে। গত ১২ মার্চ কাঠমান্ডুতে ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্তে ৪৯ জনের মৃত্যু হয়।




