ইউনাইটেড হাসপাতালকে ২০ লাখ টাকা জরিমানা
মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট (রোগ নির্ণয়ের পদার্থ) ব্যবহার অননুমোদিত এজেন্ট থেকে ওষুধ ক্রয় এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহারের অভিযোগে রাজধানীর ইউনাইটেড হাসপাতালকে ২০ লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২১ মার্চ) দুপুর থেকে বিকাল পর্যন্ত রাজধানীর গুলশান-২ এ অবস্থিত এই হাসপাতালটিতে অভিযান চালানো হয়।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম বলেন, তাদের ১৫ দিনের আল্টিমেটাম দেয়া হয়েছে। এ ১৫ দিনের মধ্যে মেয়াদোত্তীর্ণ ওষুধ, উপকরণ পরিবর্তন ও সরিয়ে ফেলা না হলে হাসপাতালের আইএসও সনদ বাতিলের সুপারিশ করা হবে।
তিনি বলেন, মাইক্রোবায়োলজি ল্যাব, হিস্টোপ্যাথলজিল্যাব, বায়োকেমিস্ট্রি ল্যাব, ক্লিনিক্যাল প্যাথলজি ল্যাব, হেমাটোলজি ল্যাবসহ সব ল্যাবে অভিযান চালানো হয়েছে। ল্যাবে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট (শনাক্তকরণ রাসায়নিক পদার্থ) ব্যবহার হতো। এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অননুমোদিত এজেন্ট থেকে ওষুধ ক্রয় এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। সার্জারিতে ব্যবহৃত সুচারের মেয়াদও শেষ পর্যায়ে। মাত্র সাতদিন মেয়াদ থাকলেও এক্ষেত্রে কর্তৃপক্ষের যথাযথ কোনো পদক্ষেপ লক্ষ্য করা যায়নি।
হাসপাতালটির ফার্মেসিতে বেশ কিছু ওষুধ পাওয়া গেছে, যা অননুমোদিত প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা হয়েছে। এসব কারণে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে হাসপাতালটিকে বলেও জানান তিনি। এর আগেও একাধিকবার অনিয়মের অভিযোগে হাসপাতালটিকে জরিমানা করা হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি ল্যাবে রোগ নির্ণয়ের মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট (রোগ নির্ণয়ের জন্য রাসায়নিক উপাদান) ব্যবহার এবং ফার্মেসিতে প্রশাসনের অনুমোদনহীন ওষুধ রাখায় রাজধানীর অ্যাপোলো হাসপাতাল ও ফার্মেসিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে স্বাস্থ্য অধিদফতর ও ওষুধ প্রশাসন অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




