209288

খোঁজ মিলছে না দুই নারী নেত্রীর !

অপহরণের দুইদিন পেরিয়ে গেলেও এখনো খোঁজ মিলেনি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এর সর্মথিত হিল উইমেন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদিকা মন্টি চাকমা এবং জেলার সাধারণ সম্পাদিকা দয়াসেনা চাকমা।

গত (১৮ মার্চ) রবিবার সকালে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কের পাশে অবস্থিত (কুদুকছড়ি উপড় পাড়া) আবাসিক এলাকায় থেকে তাদের অপহরণ করা হয় বলে ইউপিডিএফ (প্রসীত গ্রুপ) অভিযোগ করে। এই ঘটনার জন্য ইউপিডিএফ (গণতান্ত্রিক) গ্রুপের নেতা তপন জ্যোতি চাকমা ওরফে বর্মাকে দায়ী করে গণমাধ্যমকে এক প্রেস বিজ্ঞপ্তি দেয় ইউপিডিএফ (প্রসীত) গ্রুপ।

এদিকে হিল উইমেন্স ফেডারেশনের অপহৃত দুই নেত্রীকে উদ্ধারের দাবিতে আগামীকাল বুধবার (২১ মার্চ) রাঙ্গামাটি ও খাগড়াছড়ি দুই জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির পালনের ঘোষণা দিয়েছে গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন নামে আঞ্চলিক সংগঠনগুলো। গতকাল সোমবার (১৯মার্চ) সকালে হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক দ্বিতীয়া চাকমার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতেও এ কর্মসূচী জানানো হয়েছে।

অপরদিকে অপহরণ ঘটনাকে কেন্দ্র কওে সেদিন গাড়ী ভাংচুরের ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি সড়কে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট পালন করছে রাঙ্গামাটি চট্টগ্রাম মোটর মালিক সমিতি। এ নিয়ে যাত্রীদের পড়তে হয়েছে চরম ভোগান্তিতে।

এ বিষয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যজিৎ বড়ুয়া জানান, অপহৃত দুই নেত্রীকে উদ্ধারের জন্য আমাদের অভিযান এখনো অব্যাহত রয়েছে। তবে আমরা খবর পেয়েছি অপহৃত দুই নেত্রী এখন নানিয়ারচর উপজেলায় আছে। তিনি আরো জানান, অপহৃত দুই নেত্রীর পরিবার থেকে অভিযোগ করার কথা থাকলেও এখনো কেউ থানায় কোন অভিযোগ করেনি।

ad

পাঠকের মতামত