‘কেউ নাকি তাকে কথা দিয়ে কথা রাখছেন না’
বিনোদন ডেস্ক।।
‘তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখেনি’ সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত এই কবিতার সঙ্গে প্রতিটি বাঙালি কম বেশি পরিচিত।
‘এই ঘর এই সংসার’ খ্যাত নির্মাতা মালেক আফসারীর জীবনেও সুনীলের কবিতার সঙ্গে কোথায় যেন মিল খুঁজে পাওয়া যাচ্ছে। কেউ নাকি তাকে কথা দিয়ে কথা রাখছেন না। পরিচালক নিজেও এমন কথা বলছেন।
নির্মাণ করতে যাওয়া ছবি হাত থেকে ছুটে যাচ্ছে। আবার কোনো ছবির শুটিং হবার কথা থাকলেও কবে শুরু হবে তা বলতে পারছেন না এই নির্মাতা। এসব কারণে বহু হিট সিনেমার এই পরিচালক হতাশায় ভুগছেন বলে চলচ্চিত্র অঙ্গনে গুঞ্জন চলছে।
মূলত ‘অন্তর জ্বালা’ নামে একটি ছবি প্রযোজনা করেছিলেন জায়েদ খান। ছবিতে নায়কও ছিলেন তিনি। আর জায়েদের বিপরীতে ছিলেন পরীমণি। ছবিটি পরিচালনা করেন মালেক আফসারী।
ছবিটি মুক্তির পরপরই জায়েদ খান ঘোষণা দেন ‘এক কয়েদির ডায়রি’ নামে আরও একটি ছবি প্রযোজনা করবেন তিনি। পরিচালনা করবেন মালেক আফসারী। চলতি বছরের শুরুতেই ছবিটির শুটিং শুরু হবার কথা ছিল।
তবে এই ছবিটি কবে শুরু হবে এ নিয়ে নতুন কোনো তথ্য দিতে নারাজ পরিচালক। তিনি বলেছেন, ‘কখন শুরু হবে বা আদৌ হবে কিনা আমার জানা নেই। এমনও হতে পারে এটা হয়তো স্ট্যান্টবাজি ছিল’।
এদিকে জায়েদ খান বলেছেন, ‘যখন সময় ও সুযোগ হবে তখনই কাজ শুরু করব। একজন প্রযোজককে অর্থলগ্নির বিষয়টাও দেখতে হয়। সবকিছু গোছানোর চেষ্টা করছি। সময় হলেই কাজ শুরু করব’।
এর আগে গত বছরের শেষ দিকে মালেক আফসারী নিজের ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘ছুটিতে এসে ভাবলাম কিছুদিন বেড়াব। তা আর হলো না। আবার কাজে ফিরে যেতে হবে।
২০১৮ সালে আমাকে দুটি ছবি নির্মাণ করতে হবে। একটি জেড কে প্রোডাকশন থেকে আর অন্যটি পরীমণি প্রোডাকশনের। জানুয়ারিতে শুরু হবে শুটিং। সত্যি আমি ভাগ্যবান। সারাজীবন হিরো-হিরোইনের এত ভালোবাসা পেয়েছি যা লিখে বুঝাতে পারব না’।
তবে প্রযোজনা প্রতিষ্ঠান খুলে পরীমণি নতুন ছবি নির্মাণের ঘোষণা দিলেও পরিচালক হিসেবে নিয়েছেন তরুণ এক নির্মাতাকে। উৎস: আরটিভি অনলাইন।




