208855

‘প্রিয়দর্শিনী মৌসুমীর ব্যবহার, আন্তরিকতা ও অভিনয়ে মুগ্ধ অনেকেই’

বিনোদন ডেস্ক।।

প্রিয়দর্শিনী মৌসুমীর ব্যবহার, আন্তরিকতা ও অভিনয়ে মুগ্ধ অনেকেই। বিশেষ করে নবাগত এবং জুনিয়র শিল্পীরা। নতুনরা যখন তার সঙ্গে অভিনয় করেন, তখন সহযোগিতার হাত বাড়িয়ে দেন মৌসুমী। স্নেœহের পরশে আগলেও রাখেন। সম্প্রতি মৌসুমীতে মুগ্ধ হয়েছেন চলচ্চিত্রের নবাগত নায়িকা অধরা খান। তারা দুজন অভিনয় করছেন ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’ ছবিতে। এতে মৌসুমীর ছোট বোনের চরিত্রে দেখা যাবে অধরাকে। মৌসুমীর চরিত্রের নাম অদিতি এবং অধরা অভিনয় করছেন অন্তু খান চরিত্রে।

বিএফডিসির এক নম্বর ফ্লোরে ১৭ মার্চ শুরু হয়েছে ‘নায়ক’ ছবির দ্বিতীয় লটের শুটিং। শুটিংয়ের ফাঁকে গল্পে মেতে উঠেছেন ছবির এই দুই বোন। অধরা প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘নতুনরা অনেক স্বপ্ন, আশা নিয়ে চলচ্চিত্রে কাজ করতে আসে। নতুনরা যেন সুন্দরভাবে পথচলার সুযোগ পায়, এই শুভ কামনা আমার সব সময়ই।

অধরার আচার-আচরণ বেশ পরিশীলিত। তার চমৎকার এক শিল্পী মন আছে। শিল্পকে ভালোবেসে ধৈর্য ধরে কাজ করার একাগ্রতা আছে। ছোট হলেও তার মধ্যে আলাদা ব্যক্তিত্ব লক্ষ করেছি। কাজ করলে সে অনেকদূর যেতে পারবে।’ মৌসুমীর সঙ্গে কাজ করতে পারাটা নিজের অভিনয় জীবনের অন্যতম অর্জন বলে মনে করছেন অধরা। বললেন, “মৌসুমী আপুকে নিয়ে কিছু বলার যোগ্যতা হয়নি আমার। ‘নায়ক’ ছবিতে তিনি আমার বড় বোনের চরিত্রে অভিনয় করলেও সত্যিকারের বোনই মনে হয়েছে। তিনি আমাকে এত ভালোবাসেন, আদর করেনÑ যা কোনো কিছুর সঙ্গেই তুলনা হয় না।”

‘নায়ক’ ছবিতে মৌসুমীর বিপরীতে অভিনয় করছেন অমিত হাসান। আর অধরার বিপরীতে আছেন বাপ্পী চৌধুরী। ২৫ মার্চ পর্যন্ত ছবির শুটিং চলবে।
মৌসুমী অভিনীত মুক্তি প্রতীক্ষিত ছবির মধ্যে আছে ‘পোস্ট মাস্টার ৭১’, ‘রাত্রির যাত্রী’ ও ‘নোলক’। অধরা খানের প্রথম চলচ্চিত্র শাহীন সুমনের ‘পাগলের মতো ভালোবাসি’। এর পর তিনি একই পরিচালকের ‘মাতাল’ চলচ্চিত্রেও অভিনয় করেন। ‘নায়ক’ তার তৃতীয় চলচ্চিত্র। এখনো অধরার কোনো ছবি মুক্তি পায়নি।

ad

পাঠকের মতামত