208762

রিয়াদ-সাব্বিরের এ কেমন ভুল বোঝাবুঝি!

ফাইনালের চাপটা যে সত্যি সত্যি বাংলাদেশ দলের ক্রিকেটারদের ওপর চেপে বসেছে, সেটাই বোঝাই যাচ্ছে ব্যাটসম্যানদের আউট হওয়ার ধরন কিংবা শট সিলেকশন দেখে; কিন্তু তাই বলে ক্রিজে থাকা দুই ব্যাটসম্যানের মধ্যে এতটা ভুল বোঝাবুঝি তৈরি হবে! সাব্বির রহমানের ভুলে রানআউট হয়ে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এ ক্ষেত্রে রিয়াদেরও কী ভুল কম ছিল?

শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচ জেতানোর নায়ক মাহমুদউল্লাহ রিয়াদের উইকেটে আশার পরই বাংলাদেশের আশার বেলুনও ফুলতে শুরু করে। আগের ম্যাচে ১৮ বলে অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলে শেষ মুহূর্তে নাটকীয় জয় এনে দেন তিনি।

মাত্র ৯ রান করে মুশফিকুর রহীম আউট হয়ে যাওয়ার পর মাঠে নামেন মাহমুদউল্লাহ। ১৬ বলে ২১ রান করে তিনি বাংলাদেশ শিবিরে আশার আলো জাগিয়ে তুলেছিলেন। সাব্বিরের সঙ্গে গড়েছিলেন ৩৬ রানের দারুণ একটি জুটিও গড়ে তুলেছিলেন তিনি।

এরপরই আসে সেই দুঃস্বপ্নের বলটি। শার্দুল ঠাকুরের বলে ব্যাটিং করছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। বলটা ছিল স্লোয়ার। অফ স্ট্যাম্পের ওপর। ফ্লিক করতে চেয়েছিলেন মাহমুদউল্লাহ। বল ব্যাটে লেগে চলে যায় স্লিপে। ফিল্ডারের হাতে বল। সাব্বির দৌড়ে নন স্ট্রাইক প্রান্ত থেকে চলে আসলে স্ট্রাইক প্রান্তে। ওদিকে মাহমুদউল্লাহও দাঁড়িয়ে। তিনি ফিল্ডারের দিকে তাকিয়ে।

হঠাৎ দেখলেন সাব্বির পৌঁছে গেলেন তার প্রান্তে। অন্যদিকে ফিল্ডার বল ছুড়ে দিলেন নন স্ট্রাইক প্রান্তে। ততক্ষণে কয়েক স্টেপ এগিয়ে এসেছিলেন মাহমুদউল্লাহ। বল ফিল্ডার ছুড়ে দেয়ার কারণে তিনি মনে করেছিলেন আউট তো নিশ্চিত। তাই থেমে গেলেন। কিন্তু বিজয় শঙ্কার সেই বল মিস করলেন। ধরতে পারলেন না। এ সময়ও দ্বিধায় ছিলেন রিয়াদ। তিনি তখনও যদি দৌড় দিতেন, বেঁচে যেতেন। কিন্তু কয়েকবার দ্বিধান্বিত থাকার কারণে, শেষ পর্যন্ত সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলেন না। হয়ে গেলেন রানআউট।

এরপর সাব্বিরের সঙ্গে রান নিতে গিয়ে রানআউট হয়েছেন সাকিব আল হাসানও। যদিও এখানে সাব্বিরের ভূমিকা খুবই কম। সর্বশেষ ১৮তম ওভারেও চাপ সামলাতে না পেরে একেবারে ক্রিজের ওপর ফিল্ডারের হাতে বল রেখেই রান নিতে গিয়েছিলেন সাব্বির। যদিও ফিল্ডারের ভুলে বেঁচে যান তিনি।

ফাইনালের যে চাপ, তাতেই যে এভাবে মানসিক দৃঢ়তা কমে গিয়েছিল, তা নিশ্চিতভাবেই বলা যায়।

ad

পাঠকের মতামত