শ্রীদেবীর আসনে বসছেন বিদ্যা
বিনোদন ডেস্ক।।
শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি আর সিল্ক স্মিতার পর এবার শ্রীদেবীর বায়োপিক তৈরির পরিকল্পনা করছেন পরিচালক হনসল মেহতা। বলিউডের প্রথম এ নারী সুপারস্টারের বায়োপিক তৈরির জন্য প্রস্তাব দেয়া হয়েছে অভিনেত্রী বিদ্যা বালানকে। তবে বিদ্যার পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি। খবর জিনিউজের।
গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে হনসল মেহতা বলেন, বলিউডে আর কখনও দ্বিতীয় কোনো শ্রীদেবী আসবেন না। তাই শ্রীদেবীর বায়োপিক তৈরি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শ্রীদেবীকে সম্মান জানাতেই তার বায়োপিক তৈরি করা হবে বলেও জানিয়েছেন হনসল মেহতা।
শ্রীদেবীর হাসি, শ্রীদেবীর নাচ, শ্রীদেবীর অভিনয়, সবকিছুকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতেই, তাকে সম্মান জানিয়ে এবার বলিউডের প্রথম সুপারস্টারের বায়োপিক তৈরির সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানা যাচ্ছে।
মিস্টার ইন্ডিয়া থেকে শুরু করে, সদমা, নাগিনা, চালবাজ, মম, ইংলিশ ভেংলিশসহ একাধিক সিনেমায় অভিনয় করেন শ্রীদেবী। এবার শ্রীদেবীর সব আইকনিক চরিত্র কেমন করে পর্দায় ফুটিয়ে তুলতে পারেন বিদ্যা বালান, এবার সেটাই দেখার।




