‘বাবা-মাকে হারানো ছিল মৃত্যুর সামিল’
বিনোদন ডেস্ক।।
অঅ-অ+ মা-বাবাকে হারিয়েছেন অনেক দিন। আর সেটা মেনে নেওয়াটাই ছিল তার কাছে সবচেয়ে দুঃখের মুহূর্ত। বলা ভাল, ‘হিচকী মোমেন্ট’। তিনি শাহরুখ খান। সম্প্রতি এ কথা স্বীকার করেছেন খোদ অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের কাছে।
আগামী ২৩ মার্চ মুক্তি পেতে চলেছে রানির ‘হিচকী’। মা হওয়ার পর এটাই তার কামব্যাক ফিল্ম। ছবি মুক্তির আগে তারকাদের ‘হিচকী মোমেন্ট’ শেয়ার করতে অনুরোধ করেছেন রানি। সেই অনুরোধ রাখতেই পুরনো কথা শেয়ার করলেন কিং খান।
শাহরুখের কথায়, ‘‘বাবা-মায়ের চলে যাওয়াটা আমার কাছে হিচকী মোমেন্ট। তখন আমার ১৫ বছর বয়স। বাবা চলে যান। আর ২৬ বছর বয়সে মা। বাবা-মাকে ছাড়া ফাঁকা বাড়িটা যেন আমাকে আর বোনকে গিলে খেত। একাকিত্ব, দুঃখ, বাবা-মাকে হারানোর যন্ত্রণা আমার মনে হয়েছিল মৃত্যুর সামিল। সে সব দুঃখ ভুলতে, হিচকী মোমেন্টকে অতিক্রম করতে আরও বেশি করে অভিনয়ে মন দিয়েছিলাম।’’
শাহরুখ শেয়ার করেছেন, বাবা-মা হঠাৎই মারা যান। ক্যানসার ধরা পড়েছিল তাদের। মাত্র আড়াই মাসের মধ্যে সব শেষ হয়ে যায়।
‘‘একদিন আমি ভাবলাম, এই দুঃখ থেকে বেরোব কী করে? তখনই আরও বেশি করে কাজে জড়িয়ে পড়লাম। ভাল ব্রেক পেলাম। আসলে অভিনয় শুধু আমার কাজের জায়গা নয়। আমার সমস্ত ইমোশন প্রকাশের জায়গা। ঈশ্বর এই জীবন দিয়েছেন। তার সঙ্গে সমস্যাও দিয়েছেন। আবার ঈশ্বরই তা থেকে মুক্তির উপায়ও দেখিয়ে দেন’’ শেয়ার করেছেন শাহরুখ।




