এমন অভিজ্ঞতা আমারও আছে: তিশা
বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ব্যস্ত আছেন খণ্ড নাটক নিয়ে। ইতিমধ্যে শুরু করে দিয়েছেন ঈদের নাটকের কাজ। শোনা যাচ্ছে নেপালে যাওয়ার কথা নাটকের শুটিং করতে। কিন্তু সাম্প্রতিক দুর্ঘটনা দ্বিধায় ফেলেছে তিশাকে।
মাঝখানে চলচ্চিত্রে কাজের আশায় টিভি মিডিয়াতে বিরতি দিলেও আবার নতুন উদ্যমে শুরু করেছেন কাজ। এদিকে জনপ্রিয় শিল্পী হাবিবের সাথে সম্পর্ক ভাঙার জেরেও কিছু দিন বিষণ্ণতায় ছিলেন বলে মিডিয়াতে গুঞ্জন আছে। তবে তিশা এই কথা মানতে নারাজ।
তিশা এই প্রসঙ্গে বলেন, সব ভুলে আমি নতুন করে কাজে মনোযোগ দিয়েছি। ভালো ভালো কাজও করছি। অনেকে আমার এই ঘুরে দাঁড়ানোকে সাধুবাদও জানাচ্ছেন।
এদিকে সারা বিশ্বের সকল ইন্ডাস্ট্রির মত এই দেশের মিডিয়া ইন্ডাস্ট্রিতেও আছে কাস্টিং কাউচ ভাইরাস। এই প্রজন্মের অনেক তারকাই মুখ খুলছেন এই বিব্রতকর অভিজ্ঞতা নিয়ে। অবশ্য এর যাত্রাটা শুরু করেছেন আরেক মডেল ফারিয়া শাহরিন।
এদিকে ক্যারিয়ারের শুরুতে তিশাও কিছু অসাধু লোকের অনৈতিক প্রস্তাবের সম্মুখীন হয়েছিলেন। সেই অভিজ্ঞতার কথা টেনে তিশা বললেন, এমন অভিজ্ঞতা আমারও আছে। নতুন নতুন আমিও এমন অনেক সমস্যার মুখোমুখি হয়েছি। কিন্তু আমি আমার নিজের জায়গায় ও মূল্যবোধের ব্যাপারে অটুট ছিলাম। দৃঢ়চিত্তে কাজ করে গেছি। ভেঙে পড়িনি, সমঝোতা করিনি।
সম্প্রতি তিশা শেষ করছেন ‘সেক্রিফাইস’ নামের এক ঘণ্টার একটি নাটক। এ ছাড়াও শেষ করেছেন এক ঘণ্টার নাটক সেলফি, চশমায় লেগে থাকা ভালোবাসা ও ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট-এর কাজ।




