বাইতুল হামদ কীসের ঘর?
নিউজ ডেস্ক।।
বাইতুন অর্থ ঘর আর হামদ অর্থ প্রশংসা। সাধারণত অর্থ হয় প্রশংসার ঘর। তবে এটি একটি বিশেষ পরিভাষা। এছাড়া হাশরের ময়দানে আমাদের নবী সা.কে প্রশংসিত স্থান বা মাকামে মাহমুদ প্রদান করা হবে। এটাও আলাদা।
পিতামাতার কোন সন্তান যদি শৈশবকালেই মারা যায়,তারপর পিতামাতা যদি আল্লাহর সিদ্ধান্তের সামনে সবর করে এবং সওয়াবের আশা করে তাদের জন্য জান্নাতে একটি বিশেষ ঘর নির্মান করা হবে। এ ধরণের ঘর শুধু সেসব পিতামাতার জন্য যাদের সন্তান শিশু থাকা অবস্থায় মারা গেছে।
এ বিষয়ে হাদীসে এসেছে, যখন কোন বান্দার শিশু সন্তান মারা যায় তখন আল্লাহ তা‘আলা ফেরেশতাদের বলেন, তোমরা আমার বান্দার সন্তানের রুহ কবযা করে এসেছো, তখন ফেরেশতারা বলে, হ্যাঁ, এরপর (আবার) আল্লাহ ফেরেশতাদের বলেন, তোমরা আমার বান্দার কলিজার টুকরার (সন্তানের) রুহ কবযা করে এসেছো, ফেরেশতারা বলেন, হ্যাঁ, তখন আল্লাহ ফেরেশতাদের লক্ষ্য করে বলেন, আমার বান্দা কী বলেছে ? (আমার ফয়সালার সামনে) তখন ফেরেশতারা বলেন, (বান্দা) আপনার প্রশংসা করেছে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছে। তখন আল্লাহ বলেন, আমার বান্দার জন্য (জান্নাতে) একটি ঘর নির্মান করো এবং সে ঘরের নাম রাখ বাইতুল হামদ। (তিরমিযী, হাদীস নং ৯৪২)




