206536

‘বিমান থেকে নেমেই আমরা ফোন করবো’

নিউজ ডেস্ক।।

নেপালের কাঠমান্ডুতে বিধ্বস্ত হওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজে থাকা যাত্রীদের খোঁজ পাচ্ছেন না স্বজনরা। এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা নেপালে যোগাযোগ করছেন, খোঁজ পেলে জানানো হবে। স্থানীয় সময় সোমবার দুপুর ২টা ২০মিনিটে অবতরণের সময় উড়োজাহাজটি রানওয়ের পাশে একটি ফুটবল মাঠে বিধ্বস্ত হয়।

রাজধানীর শুক্রবাদের বাসিন্দা এনজিও কর্মকর্তা রফিক জামান রিমু ও তার স্ত্রী সানজিদা হক বিপাশা এই ফ্লাইটে নেপাল যান। তাদের সঙ্গে ছিল সাড়ে সাত বছর বয়সী ছেলে অনিরুদ্ধ। বিপাশার স্বজনরা জানান, সকাল সাড়ে ১০টায় তারা হযরত শাহজালাল বিমান বন্দরের উদ্দেশে রওয়ানা হন। ফ্লাইট ছাড়ার আগে বাসায় মোবাইল ফোনে জানান, ‘নেপালে নেমেই আমরা ফোন করবো’। তাদের নেপালের সিমও ছিল। এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।  বিপাশার বোন ঋতু জানান, ইউএস-বাংলা কর্তৃপক্ষ কিছু জানায়নি। কারও সঙ্গেই যোগাযোগ করা যাচ্ছে না।

এদিকে বিমানটির দুজন যাত্রীর পরিচয় পাওয়া গেছে। তারা হলেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সিনিয়র সহকারী প্রধান উম্মে সালমা ও নাজিয়া আফরিন চৌধুরী। সরকারি এক সেমিনারে অংশ নিতে তারা নেপালে যাচ্ছিলেন।

উম্মে সালমা রাজধানীর দক্ষিণখান এলাকার বাসিন্দা। তিনদিনের দাফতরিক সফরে (অফিসিয়াল ট্রিপে) সোমবার ইউএস বাংলার বিমানে কাঠমান্ডু রওনা দিয়েছেন তিনি। এরপরই আসে বিমান দুর্ঘটনার খবর। সঙ্গে সঙ্গে রাজধানীর বারিধারারা ইউএস বাংলা এয়ারলাইন্সের অফিসে ছুটে আসেন তার বড় ভাই আবুল কালাম আজাদ। বোনের জন্য আহাজারি করতে থাকনে তিনি। বোনকে জীবিত ফিরে পাওয়া নিয়ে শঙ্কায় আছেন তিনি। শোক যেন তাকে নির্বাক করেছে।

পরিকল্পনা বিভাগের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য ড. শামসুল আলম বলেন, বিষয়টি নিয়ে আমরা খোঁজ-খবর রাখছি। নেপাল দূতাবাসে খোঁজ-খবর নেয়া হচ্ছে। কিন্তু দূতাবাস এখন পর্যন্ত কিছুই বলতে পারছে না।

তিনি আরো বলেন, সবশেষ দুপুর সাড়ে ১২টার দিকে তাদের সঙ্গে আমার কথা হয়েছিল। মূলত ওই সেমিনারে আমার যোগ দেয়ার কথা ছিল। আমি যেতে পারি নাই বলে ওদের পাঠিয়েছি।

ইউএস-বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে, ৭৮ আসনের বিমানটিতে ৬৭ জন যাত্রী এবং ৪ জন ক্রু মেম্বার ছিলেন।

ত্রিভুবন বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এদের মধ্যে ৩৭ জন পুরুষ, ২৭ জন নারীর সঙ্গে ছিল দুই শিশুও।

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র প্রেম নাথ ঠাকুরের দেয়া তথ্য অনুযায়ী, ৭৮ আসনের বোম্বার্ডিয়ার ড্যাশ ৮ কিউ-৪০০ মডেলের উড়োজাহাজটি স্থানীয় সময় ২:২০ মিনিটে বিধ্বস্ত হয়। এসটু-এইউজি নামে নিবন্ধিত ফ্লাইটটি ঢাকা ছেড়েছিলো দুপুর ১:৪৩ মিনিটে।

বিমানবন্দরের আরেক মুখপাত্র বীরেন্দ্র প্রসাদ শ্রেষ্ট জানিয়েছেন এই মুহূর্তে বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় আছেন তারা।

ad

পাঠকের মতামত