৩ সন্ত্রাসীর সন্ধান দিলে ৬৫ কোট টাকা পুরস্কার
পাকিস্তানের নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী গোষ্ঠী তেহরিকে তালেবান পাকিস্তানের প্রধানসহ তিন সন্ত্রাসী নেতার সন্ধান দিতে পারলে নগদ মোট ৮০ লাখ ডলার (প্রায় ৬৫ কোটি টাকা) পুরস্কার দেয়া হবে বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতর এ ঘোষণা দিয়েছে।
ঘোষণায় বলা হয়েছে, তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপির নেতা মাওলানা ফজলুল্লাহের সন্ধান দিতে পারলে ৫০ লাখ ডলার পুরস্কার দেয়া হবে। এছাড়া জামাতুল আহরারে নেতা আবদুল ওয়ালি এবং লশকরে ইসলামের মাংগাল বাগের সন্ধান দিতে পারলে ৩০ লাখ ডলার পুরস্কার দেয়া হবে।
মার্কিন পররাষ্ট্র দফতরের ঘোষণায় আল কায়েদার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে টিটিপিকে উল্লেখ করা হয়েছে। এছাড়া এ তিন সন্ত্রাসী আমেরিকার জন্য হুমকি বলেও উল্লেখ করা হয়।
টিটিপির সন্ত্রাসীরা মাঝে মাঝে দেশটিতে হামলা অব্যাহত রেখেছে। কিন্তু ২০১৪ সালের ডিসেম্বরের পর থেকে পাকিস্তানে টিটিপি নিয়ন্ত্রিত সব ভূমি উদ্ধার করা হয়েছে। পেশোয়ারে পাকিস্তান সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে তালেবান হামলায় ১৩২ জন নিহত হওয়ার পর সব ভূমি উদ্ধার করা হয়।




