205218

ফুসলিয়ে শিশুটিকে ডেকে নেয় দারোয়ান…

নিউজ ডেস্ক।।

রাজধানীর নীলক্ষেত এলাকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ।
আহত অবস্থায় ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম সালেহ আহমেদ (৪০)।

হাসপাতালে শিশুটির পরিবার জানায়, সকালে শিশুটি স্কুলে যাওয়ার সময় তাদের ভাড়া বাসার দারোয়ান সালেহ আহমেদ তাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে তাকে ভয়ভীতি দেখিয়ে বাসায় পাঠিয়ে দেয়। বাসায় ফিরে শিশুটি তার মাকে সব খুলে বলে।

ওসিসির সমন্বয়ক ডা.বিলকিস আক্তার বলেন, ‘আজ বুধবার ভোরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ওসিসিতে ভর্তি করা হয়। আমাদের পরীক্ষায় প্রাথমিকভাবে তাকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। আরও কিছু পরীক্ষা বাকি আছে। এগুলো শেষ হলে ফরেনসিক রিপোর্ট পাওয়া যাবে।’

শিশুটির বাবা বলেন, ‘আমার স্ত্রী আমাকে ফোন করে ঘটনা খুলে বলার পর আমি বিষয়টি শাহবাগ থানায় জানাই। পরে তারা বাসার দারোয়ান সালেহকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।’
শাহবাগ থানা পুলিশ পরিদর্শক (ওসি) আবুল হাসান আমাদের সময়কে বলেন, ‘শিশুটির বাবা আমাদের কাছে এ বিষয়ে জানানোর পর আমরা তাৎক্ষনিক তাদের বাসায় গিয়ে ধর্ষককে গ্রেপ্তার করি।’

ওসি আরও বলেন, ‘আমরা ফরেনসিক রিপোর্টের জন্য অপেক্ষা করছি। তবে এ বিষয়ে থানায় মামলা হয়েছে। আসামি সালেহ আহমেদকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

ad

পাঠকের মতামত