চুপিসারে রাজ-শুভশ্রীর আংটি বদল (ভিডিও)
সম্পর্কের নানা চড়াই-উৎড়াই পেরিয়েছেন। চলেছে অনেক মান-অভিমানের পালাও। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে আজ তারা একসঙ্গে একই ফ্রেমে বাঁধা। পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের আংটি বদল ও রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে। এর সঙ্গে টলিউডে মিমি-রাজ-শুভশ্রীর ত্রিকোণ প্রেমের গল্পেরও পাকাপাকিভাবে সমাপ্তি ঘটলো।
জি-নিউজের খবরে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে আংটি বদলের পাশাপাশি বিয়ের রেজিস্ট্রি সেরে ফেলেছেন আলোচিত এই লাভবার্ড জুটি।
নিজেদের নতুন জীবনে পাড়ি দেওয়ার কথা পরে একই সঙ্গে জানিয়েছেন রাজ এবং শুভশ্রী। বিরুষ্কার মতোই টুইটারে নিজেদের আংটি বদলের ছবিও পোস্ট করেছেন এই নবদম্পতি।
শুভশ্রীকে ‘চিরদিনই তুমি যে আমার’ করে নিয়ে টুইটে রাজ লিখেছেন, “সব মতভেদের পর…আজ আমরা একে অপরকে বেঁছে নিলাম জীবনের বাকিটা পথ একসঙ্গে হাঁটব বলেই। সবার আশীর্বাদ এবং ভালবাসা কামনা করি।”
অন্যদিকে শুভশ্রীর টুইট, “আমি আমার প্রেমগাথাকে ভালবাসি… জানি এটা খুব অগোছালো, কিন্তু এটাই সেই গল্প যা আমাদের এক করলো।”
কলকাতার আনন্দপুরের আরবানা কমপ্লেক্সের রাজের অ্যাপার্টমেন্টেই শুভশ্রীর সঙ্গে তার বিয়ের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
এবিপি লিভের খবরে বলা হয়েছে, বিয়ের অনুষ্ঠানের পর রাজের অ্যাপার্টমেন্টের ক্লাব হাউসে ছিল পার্টির আয়োজন। সেখানে অতিথিদের সঙ্গে সেলিব্রেশনে মেতে ওঠেন নব দম্পতি।
আংটি বদল খানিকটা গোপনীয়তার সঙ্গে সারলেও বিয়েতে বিন্দুমাত্র গোপনীয়তা থাকবে না বলে জানিয়েছে শুভশ্রীর পারিবারিক সূত্র।
শুভশ্রীর বাবা দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ১১ মে বাওয়ালির রাজবাড়িতে আনুষ্ঠানিক বিয়ে, তারপর রিসেপশন। বাগদান ও রেজিস্ট্রি ঘরোয়াভাবে হলেও রিসেপশনে হবে ধুমধাম।
নিমন্ত্রিতদের তালিকাটা বেশ লম্বা থাকবে বলেও জানান শুভশ্রীর বাবা।




