‘সে আমার নির্মাতা আর আমি তার আর্টিস্ট’
বিনোদন ডেস্ক।।
নুসরাত ইমরোজ তিশা ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘অস্তিত্ব’, ‘ডুব’ ও ‘হালদা’ সহ বাংলাদেশের বেশ কিছু ছবিতে কাজ করেছেন। ছবিগুলো দর্শকমহলে প্রশংসাও পেয়েছে। এবার এই অভিনেত্রী বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার ছবিতে কাজ করছেন। ছবির নাম ‘হলুদবনি’। ত্রিমুখী ভালোবাসার গল্প নিয়ে তৈরি হচ্ছে ছবিটি।
বর্তমানে কাজ করছেন মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত নতুন ছবি স্যাটারডে আফটারনুনে। এদিকে পরিচালকের সাথেই সংসার করছেন তিশা।
দীর্ঘ এ সময়ে নির্মাতা ও অভিনেত্রীর সম্পর্ক নিয়ে তিশা বলেন, ফারুকীর সঙ্গে আমি যখন প্রথম ‘পারাপার স্টোর’ বা ‘সিক্সটি নাইন’-এ কাজ করি, তখন সেটে যেমন তিনি আমার ডিরেক্টর ছিলেন, এখনো তিনি আমার ডিরেক্টর। সোজা কথায়, সেটে গেলে নির্মাতা-শিল্পীর সম্পর্কই থাকে। সেটে সে আমার নির্মাতা আর আমি তার আর্টিস্ট।
এদিকে কলকাতা থেকে কাজের ডাক পেয়েছেন। বালিঘর নামে একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন। আগামীতে নিয়মিত হবেন কিনা, এই প্রসঙ্গে তিশা বলেন, আমাদের এখানকার শিল্পীরা অন্য দেশে কাজ করছেন, প্রতিষ্ঠিত হচ্ছেন, এতে আমার গর্ব হয়। তবে আমি যেহেতু ভবিষ্যতের ভাবনা নিয়ে কখনই এগোই না, সেহেতু এখনো জানি না ভারতের ছবিতে নিয়মিত কাজ করব কিনা। তবে অবশ্যই দেশ ছেড়ে বাইরে গিয়ে কাজ করব না। দেশে থেকে যতটুকু কাজ করা যায়, সেটুকুই করব।




