203478

গোপনে লিফলেট বিতরণ বিএনপির

কারাবন্দী দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে লিফলেট বিতরণ করছে বিএনপি।

আজ বৃহস্পতিবার সাড়ে ১০টার দিকে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে নয়াপল্টন এলাকায় এই লিফলেট বিতরণ শুরু হয়। পথচারী ও দোকানি সবার মাঝেই লিফলেট বিতরণ করা হয়।

এ সময় রিজভীর সঙ্গে ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদসহ বেশ কিছু নেতাকর্মী।

অন্যদিকে রাজধানীর হাতিরপুল, বাংলামোটর এলাকায় লিটলেট বিতরণ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, সমাজসেবা বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া ঢাকার বিভিন্ন শপিংমল ও ফুটপাতে লিফলেট বিতরণ করা হয়েছে।


এদিকে এ কর্মসূচি উপলক্ষে রাজধানীর বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন।

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপির বক্তব্যসংবলিত লিফলেট স্থানীয় নেতাদের নেতৃত্বে প্রতিটি থানা ও জেলায় বিতরণ করা হবে বলে জানান রিজভী।

ad

পাঠকের মতামত