203135

টিফিন বক্স খুলতেই বিষধর সাপ! অতপর…

ডেস্ক রিপোর্ট : স্কুলে সন্তানের জন্য টিফিন বক্সে খাবার দিচ্ছিলেন এক নারী। আর সেই বক্স থেকেই বের হয় বিষাক্ত এক সাপ।

টিফিন বক্সের ঢাকনার সঙ্গে আটকে ছিল সাপটি। খাবার দেওয়ার সময় হঠাৎই সেখানে দৃষ্টি আটকে যায়। একটু ভাল করে খেয়াল করতেই অবাক বিষ্ময়। এ যে ছোট্ট এক জলজ্যান্ত সাপ!
সঙ্গে সঙ্গেই লোক ডেকে সাপটি উদ্ধার করতে বলেন ওই নারী।

অস্ট্রেলিয়ার অ্যাডিলেড শহরে ঘটেছে এ ঘটনা।

সরীসৃপ নিয়ে কাজ করা রলি বারেল দ্রুত টিফিন বক্স বন্ধ করে সাপটিকে ঘরের বাইরে রেখে আসতে বলেন। পরে সেটিকে দেখার পর বারেল জানান, সাপটি হচ্ছে ‘ইস্টার্ন ব্রাউন’, যা বিশ্বের অন্যতম বিষধর সাপ ।

সাপটিকে নিরাপদে টিফিন বক্স থেকে বের করে আনা গেছে। এটি বাচ্চা সাপ হলেও এর তীব্র বিষ রয়েছে বলে জানান বারেল।

বিবিসি’কে বারেল বলেন, “ভাগ্যিস, এটি মা’য়ের চোখে পড়েছিল। অতি ছোট এ সাপটি শিশুটিকে কামড়ালে সেটি মালুম হতো না, কিন্তু বিষ ঠিকই ছড়াত।”

একটি নির্জন জায়গা খুঁজে নিতেই সাপটি সম্ভবত টিফিন বক্সের গাঢ় অন্ধকারকে বেছে নিয়েছিল বলে জানান বারেল।

অস্ট্রেলিয়ার উপকূলীয় এলাকা এবং মূল ভূখন্ডের দ্বীপাঞ্চলে এ প্রজাতির সাপ দেখা যায়। গত বছরের এক পরিসংখ্যান অনুযায়ী, ২০০০ সাল থেকে এ প্রজাতির সাপের কামড়ে অস্ট্রেলিয়ায় ২৩ জনের মৃত্যু হয়েছে। সূত্র : বিডিনিউজ

ad

পাঠকের মতামত