দুবাইয়ে বলিউড অভিনেত্রী শ্রীদেবীর আকস্মিক মৃত্যু
বিনোদন ডেস্ক।।
মাত্র ৫৪ বছর বয়সেই মারা গেলেন বলিউড অভিনেত্রী শ্রীদেবী। শনিবার রাতে দুবাইতে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। শ্রীদেবীর মৃত্যুতে শোকের ছায়া বলিউডে। প্রিয়াংকা চোপড়া, সিদ্ধার্থ মালহোত্রা, রীতেশ দেশমুখ, জেরিন খান, প্রীতি তিনতা, জাভেদ জাফরি, জ্যাকুলিন ফার্নান্দেজ, সুস্মিতা সেনসহ আরও অনেকেই টুইটারে শোকপ্রকাশ করেছেন৷
শনিবার সন্ধ্যায় স্বামী বনি কাপুর ও ছোট মেয়ে খুশি কাপুরকে সঙ্গে নিয়ে একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন বলিউডের এই তারকা। সেখানেই হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা জানিয়েছেন ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট-এ মৃত্যু হয়েছে তার।
১৯৬৩ সালে তামিল ছবি ‘আম্মা আয়াঙ্গার’ সিনেমায় অভিনয় করে রুপালি দুনিয়ায় আসেন শ্রীদেবী। তারপর অগণিত বলিউডের ছবিতে তিনি তার অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন। ৫০ বছরেরও বেশি সময় ধরে তিনি তিনশ’র বেশি ছবিতে অভিনয় করেছেন। ২০১৩ সালে ‘পদ্মশ্রী’ পেয়েছিলেন তিনি। ইন্ডিয়া টুডে




