201672

শাকিব-অপুর ডিভোর্স, যা বললেন আইনজীবী..

বিনোদন ডেস্ক।।

শাকিব খানের আইনজীবী শেখ সিরাজুল ইসলাম  আজ ২২ ফেব্রুয়ারি বিকালে বলেন, ‘ইসলামী বিবাহের মৌলিক বিধিবিধান অনুযায়ী জনপ্রিয় তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের ডিভোর্স সম্পন্ন হয়েছে।

তবে মহাখালির ডিএনসিসি অঞ্চল-৩-এর নির্বাহী কর্মকর্তা হেমায়েত হোসেন  ২২ ফেব্রুয়ারি দুপুরে বলেন,‘তাদের (শাকিব-অপুর) বিচ্ছেদ এখনও কার্যকর হয়নি। হাতে ১৮ দিন সময় আছে। এই সময়ের মধ্যে অনেক কিছুই ঘটতে পারে। তাদের তৃতীয় ও শেষ শুনানি হবে ১২ মার্চ। আর সেদিনই চূড়ান্ত হবে তালাক কার্যকর হবে, নাকি সমঝোতার মাধ্যমে বিষয়টির সুরহা হবে।’

এ বছরের ১২ জানুয়ারি ডিনএসিসি প্রথম সালিশি বৈঠকের আয়োজন করেছিল। প্রথম বৈঠকে অপু উপস্থিত থাকলেও শুটিংয়ের ব্যস্ততায় তখন থাকতে পারেননি শাকিব। ১২ ফেব্রুয়ারি দ্বিতীয় বৈঠকে উপস্থিত ছিলেন না শাকিব এবং অপু। সে সময় শাকিব শুটিংয়ে অস্ট্রেলিয়ায় ছিলেন। কিন্তু অপু বিশ্বাস দেশে থাকলেও বৈঠকে যাননি। তৃতীয় শুনানি হবে আগামী ১২ মার্চ।

এদিকে আইনজীবী সিরাজুল ইসলাম ২২ ফেব্রুয়ারি প্রিয়.কমকে বলেন, ‘মুসলিম আইন মতে ২২ ফেব্রুয়ারি মানে আজ বৃহস্পতিবার হয়ে যাচ্ছে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ। তাই বলা যায় তাদের বিয়ে বিচ্ছেদ হয়ে গেছে। এখন সিটি করপোরেশন তাদের কিছু আনুষ্ঠানিকতা পালন করবে মাত্র। কিন্তু সেটা কোনো আইনি প্রক্রিয়া নয়। সেটা সমঝোতার চেষ্টা।’

তবে অনেকেই এখনো অপেক্ষায় আছেন, যদি মিরাকেল কিছু ঘটে। তা দেখার কিংবা সে ঘটনার স্বাক্ষী হওয়ার। সে জন্য শাকিব-অপুর হাতে আর সময় আছে মাত্র ১৮ দিন। যদি দুটি জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কোনো খবর আসে। নতুন করে জীবনের চিত্রনাট্য সাজিয়ে সামনের দিনগুলোর জন্য নতুন স্বপ্ন বুনেন শাকিব খান ও অপু বিশ্বাস।

শাকিব খান প্রিয়.কমকে বলেন, ‘একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য উভয়পক্ষের মধ্যে শ্রদ্ধা থাকতে হবে। আমি মনে করি, তা এখন আর অবশিষ্ট নেই। তবে আব্রামের ভালোর জন্য আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। এর বাইরে ব্যক্তিগত বিষয় নিয়ে আর কথা বলতে চাই না। অনেক তো হলো। এখন আমি আমার কাজে আরও বেশি মনোযোগি হতে চাই।’

এ নিয়ে অপু বিশ্বাস প্রিয়.কমকে বলেন, ‘প্রথম বৈঠকে আমি হাজিরা দিতে গিয়েছিলাম। তখন তাদের দিক থেকে কোন রেসপন্স পাইনি। ১২ ফেব্রুয়ারি তাই আর যাওয়া হয়নি। প্রত্যেকটা মানুষকে কিছু না কিছু আকড়ে ধরে বেঁচে থাকতে হয়, আমার এখন একটাই অবলম্বন আব্রাম। যেহেতু আব্রাম আছে, সময়ের ব্যাপ্তিকালে নিজেকে নতুনভাবে সাজিয়ে নিয়ে এগিয়ে যেতে হবে।’

গত বছরের ২২ নভেম্বর সন্ধ্যায় শাকিব খান তার আইনজীবী শেখ সিরাজুল ইসলামের কার্যালয়ে যান। তার সহায়তায় অপু বিশ্বাসের ঠিকানায় তালাকের নোটিশ পাঠান। এ আইনজীবী জানান, আইন অনুযায়ী তালাক কার্যকর হওয়ার পর অপু বিশ্বাসকে বিয়ের দেনমোহর বাবদ সাত লাখ টাকা পরিশোধ করবেন শাকিব। আর ছেলের খরচ বাবদ এখন প্রতি মাসে অপুকে এক লাখ প্রদান করবেন।

২০০৬ সালে পরিচালক এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে নায়িকা হিসেবে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন অপু। সেই বছর থেকে ২০১৭ সাল পর্যন্ত এই জুটি একাধারে ৭০টির মতো ছবিতে অভিনয় করেন। একসঙ্গে কাজ করতে গিয়ে এক সময় প্রেমের সম্পর্ক হয় তাদের। ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন এই জুটি। গত বছরের শুরুর দিকে শবনম বুবলির সঙ্গে ঘরোয়া পরিবেশে একটি স্থির চিত্রে শাকিব খানকে দেখা যায়। ছবিতে ‘ফ্যামিলি টাইম ক্যাপশন লিখে নিজের সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করেন বুবলি। এরপরই অপু বিশ্বাসের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে শাকিব খানের।

ভারতের কলকাতার একটি ক্লিনিকে ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম হয় শাকিব-অপুর ছেলে আব্রাম খান জয়ের। এরপর একই বছরের ১০ এপ্রিল বিকেল চারটায় দীর্ঘদিন গোপনে থাকা বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসেন অপু। দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে সব গোপন কথা ফাঁস করে দেন। এরপর থেকেই তাদের সম্পর্কের টানাপোড়েন দিনকে দিন বাড়তে থাকে। উৎস: প্রিয়.কম।

ad

পাঠকের মতামত