ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রী জয়া
ভারতের অস্কার খ্যাত ‘জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’ জিতেছেন অভিনেত্রী জয়া আহসান। গতকাল শনিবার ‘বিসর্জন’ ছবির জন্য প্রথম বাংলাদেশি হিসেবে তিনি এই পুরস্কার লাভ করেন।
‘বিসর্জন’ ছবির জন্য এই নিয়ে পর পর তিন বার সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে হ্যাটট্রিক করলেন জয়া।
শনিবার সন্ধ্যায় কলকাতা সায়েন্স সিটি অডিটোরিয়ামে জয়ার হাতে এই পুরস্কার তুলে দেন পরিচালক সুজয় ঘোষ। একই আয়োজনে ‘প্রজাপতি বিস্কুট’ ছবিতে অভিনয়ের জন্য সমালোচক ক্যাটাগরিতে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ইশা শাহ। জয়া আহসান এই ক্যাটাগরিতেও মনোনীত হয়েছিলেন।
পুরস্কার হাতে পাওয়ার পর নিজের অফিশিয়াল ফেসবুক পেজে উচ্ছ্বাস প্রকাশ করেন জয়া। তিনি লেখেন, ‘সবকিছুই আপনাদের ক্রমাগত ভালোবাসা ও আমার কাজে স্বীকৃতি। এটা আমাকে আরও ভালো কাজ করার উৎসাহ দেবে।’
জয়া ছাড়াও বাংলাদেশ থেকে এবার আরও মনোনয়ন পেয়েছিলেন চিরকুটের সুমী ও পাভেল আরীন। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ ছবির ‘আহারে জীবন’ গানের জন্য সেরা সংগীতশিল্পীর (নারী) মনোনয়ন পেয়েছিলেন সুমী আর একই ছবির আবহসংগীতের জন্য মনোনয়ন পেয়েছিলেন পাভেল আরীন।
অন্যদিকে ‘ময়ুরাক্ষী’ ছবির জন্য সেরা অভিনেতার (সমালোচক ক্যাটাগরি) পুরস্কার পেয়েছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। একই ছবিতে অভিনয়ের জন্য জনপ্রিয় ক্যাটাগরিতে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস (ইস্ট)-এ ‘বিসর্জন’ ছবিটি ১৪টি মনোনয়ন পায়। এর মধ্যে ছয়টি বিভাগে পুরস্কার জিতেছে। সেরা অভিনেত্রীর পুরষ্কারের পাশাপাশি সেরা সহ-অভিনেতা ও সেরা কাহিনির জন্য দুইটি পুরস্কার বাগিয়েছেন কৌশিক গাঙ্গুলী। ‘বিসর্জন’ ছবিতে সেরা শব্দগ্রাহকের পুরস্কার পেয়েছেন অনির্বান সেনগুপ্ত।
জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস (ইস্ট) ২০১৮’-এ ২৫টি ক্যাটাগরিতে প্রায় শতাধিক ছবি মনোনীত হয়। জনপ্রিয় ক্যাটাগরিতে পুরস্কার ছিল ১০টি, এ ছাড়াও সমালোচক, প্রযুক্তিসহ অন্য বিভাগগুলোও ছিল।




