শাকিবের সাথে এই গানের শুটিংটি করতে প্রথমে রাজি হননি মিম (ভিডিও)
নিউজ ডেস্ক:
সুপারস্টার শাকিব খান ও বিদ্যা সিনহা মিম অভিনীত ‘আমি নেতা হবো’ ছবিটি সারা দেশে মুক্তি পেয়েছে আজ। উত্তম আকাশ পরিচালিত ছবিটি মুক্তির আগেই ইউটিউবে এর গানগুলো বেশ জনপ্রিয়তা পায়। ছবিতে শুটিংয়ের অভিজ্ঞতা ও অন্য আরো অনেক বিষয়ে একটি জাতীয় অনলাইনের সঙ্গে কথা বলেছেন মিম।
অনলাইন : ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের সঙ্গে আপনার ‘আমার প্রাণের প্রিয়া’ ছবিটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। আজ মুক্তি পেল ‘আমি নেতা হবো’ ছবিটি। কেমন লাগছে আপনার?
বিদ্যা সিনহা মিম : অবশ্যই ভালো লাগছে। আজ বেশ কিছু সিনেমা হলে আমি যাব। দর্শকদের সঙ্গে হলে বসে ছবিটি দেখব।
অনলাইন : দীর্ঘদিন পর শাকিব খানের সঙ্গে ছবিতে অভিনয় করেছেন। শুটিংয়ের অভিজ্ঞতা কেমন ছিল?
বিদ্যা সিনহা মিম : শাকিব ভাইয়া অনেক ফ্রেন্ডলি। কাজের অভিজ্ঞতা ভালো ছিল।
অনলাইন : ছবিতে আপনাদের ‘চুম্মা চুম্মা’ গানটি দর্শক ভালোভাবে গ্রহণ করেছেন। ইউটউবে গানটি এখন পর্যন্ত ৪২ লাখ ১৭ হাজারের বেশি বার দেখা হয়েছে। গানটির শুটিং কোথায় হয়েছিল?
বিদ্যা সিনহা মিম : ‘চুম্মা চুম্মা’ গানটি এত হিট হবে, এটা আগে বুঝিনি। গানটির শুটিং আমরা থাইল্যান্ডে করেছিলাম। সত্যি বলতে, পরিচালক যখন গানটির কথা আমাকে বলেছিলেন, তখন আমি তাঁকে বলেছিলাম, ছবিতে এই গানটি না থাকলেই ভালো হবে। আপনারা অন্য রোমান্টিক গান চিন্তা করুন। এখানে কিসের বিষয়টা অনেক বেশি আছে। আমার কথায় তাঁরা রাজিও হয়েছিলেন। যখন থাইল্যান্ডে গানের শুটিং করতে গেলাম, তখন জানলাম আমরা যে গানটির শুটিং করব, সেই গানটি যেকোনো কারণেই হোক আর করা সম্ভব নয়। পরে সবাই ‘চুম্মা চুম্মা’ গানটির শুটিং করতে আমাদের বলেন। তখনো আমি রাজি না। আমার মা পরে আমাকে বোঝালেন যে গানটা খারাপ হবে না। শেষে গানটির শুটিং করেছিলাম। যা হোক গানটা ইউটিউবে রিলিজের পর দেখি দর্শক ভালোভাবেই গ্রহণ করছেন। এটা ইতিবাচক ব্যাপার।
অনলাইন : ‘আমি নেতা হবো’ ছবিটি দর্শক কেন দেখবেন বলে আপনি মনে করেন?
বিদ্যা সিনহা মিম : রোমান্টিক ছবি আমাদের দেশের দর্শক অনেক পছন্দ করেন। এই ছবিটা রোমান্টিক। এ ছাড়া ছবিটি রাজনৈতিক পটভূমিতে তৈরি করা। এখানে অ্যাকশন, কমেডি, রোমান্স সবই আছে। আশা করছি, ছবিটি দর্শকদের ভালো লাগবে।
অনলাইন : একটা ছবি মুক্তির পর প্রচার করা কতখানি জরুরি বলে আপনি মনে করেন?
বিদ্যা সিনহা মিম : অনেক জরুরি। পত্রিকা, চ্যানেলের সাক্ষাৎকারের পাশাপাশি নানাভাবে ছবির প্রচার দরকার। বলিউডের শাহরুখ খানও নিজের ছবি নানাভাবে প্রচার করেন। শুধু নিজের রাজ্যে নয়, ভারতের বিভিন্ন রাজ্যে গিয়েও ছবির প্রচার করেন শাহরুখ খান।
অনলাইন : এরপর আপনার অভিনীত কোন ছবিটি মুক্তি পাবে?
বিদ্যা সিনহা মিম : মার্চে মুক্তি পাবে ‘পাষাণ’।
অনলাইন : নতুন ছবির খবর আছে কী?
বিদ্যা সিনহা মিম : খুব শিগগির জানাতে পারব। উৎস: এনটিভি অনলাইন।




