নায়করাজকে সম্মান জানালো শিল্পী সমিতি
প্রয়াত নায়করাজ রাজ্জাককে সম্মান জানালো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। বিএফডিসিতে বৃহস্পতিবার বিকেলে সমিতির কার্যালয়ে এ অভিনেতার ছেলে নায়ক বাপ্পারাজ ও সম্রাটের হাতে মরণোত্তর সম্মাননা ও উত্তরীয় তুলে দেওয়া হয়।
বাপ্পারাজ ও সম্রাটের হাতে সম্মাননা তুলে দেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান। আরো উপস্থিত ছিলেন রিয়াজ, অঞ্জনা, আলীরাজ, সুব্রত, ফেরদৌস, পপি, পূর্ণিমা, ইমন, নিরব, সাইমন, জ্যাকি আলমগীর, জেসমিন প্রমুখ।

চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য নায়করাজকে এ সম্মাননা দেয় সমিতি। এ সময় তার দুই ছেলে সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে, চলচ্চিত্র শিল্পী সমিতি ২৯ জানুয়ারি গাজীপুরে বার্ষিক বনভোজনের আয়োজন করে। সেখানেও বেশ কয়েকজন গুণী শিল্পীদের সম্মান জানানো হয়। তালিকায় ছিলেন সোহেল রানা, ফারুক, সুচন্দা, ববিতা, আলমগীর, অঞ্জনা, চম্পা, রুবেল ও শাবনূর।




