মোস্তাফিজকে দিয়ে হবে আইপিএলের উদ্বোধন!
স্পোর্টস ডেস্ক: ভারতীয় প্রিমিয়ার লীগের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মোস্তাফিজুর রহমানের মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। আগামী ৭ এপ্রিল মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে ম্যাচটি। মোস্তাফিজকে দিয়ে হবে আইপিএলের উদ্বোধন!
আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই এবং দুইবার চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই। দুই কোটি ২০ লাখে মুম্বাইতে ভিড়েছেন বাংলাদেশের পেস সেনসেশন মোস্তাফিজ। এর আগে দুই আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন তিনি। অভিষেকেই দুর্দান্ত পারফরমেন্স করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন এই কাটার মাস্টার। এবারের আসরের নিলামের আগেই মোস্তাফিজকে দলে ভেড়ানোর পরিকল্পনা ছিল মুম্বাইয়ের। নিলামে সেই কাজটি সহজেই সেরে ফেলেছেন মোস্তাফিজ।
আইপিএলের ১১তম আসরে এবার নয়টি ভেন্যুতে ৫১দিনব্যাপী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ১২টি ম্যাচ স্থানীয় সময় বিকেল ৪টায় ও বাকি ৪৮টি ম্যাচ রাত ৮টায় শুরু হবে।
আগামী ২৭ মে এই ওয়ানখেড়ে স্টেডিয়ামেই বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় এই টি-২০ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।




