199401

পরকীয়ার জেরে গৃহবধূ খুন, স্বামী পলাতক

নওগাঁর ধামইরহাটে পারভীন বেগম (৩৫) নামে এক গৃহবধূকে পরকীয়া প্রেমের জের ধরে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে পারভীনের স্বামী পলাতক রয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পারভীন বেগম জয়পুরহাট জেলার আক্কেলপুরের তিলোকপুর (কানছপাড়া) গ্রামের আইয়ুব হোসেনের মেয়ে।

পারভীনের বড় মেয়ে জান্নাতুন ফেরদৌস জানায়, গতকাল রাতে খাবার খেয়ে বাবা-মা একঘরে ও এসএসসি পরীক্ষার্থী জান্নাতুন আলাদা ঘরে ঘুমিয়ে পড়ে। রাত ১২ টার দিকে তার মায়ের চিৎকার শুনে ওই ঘরে ছুটে গিয়ে দেখি মার নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। এ সময় মা ঘটনাস্থলেই মারা যায়। পরে আমার ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলেও বাবা পালিয়ে যাওয়ায় তাকে ধরা যায়নি। রাতেই পুলিশে খবর দিলে মার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

প্রতিবেশীরা জানায়, দৌলতপুর গ্রামের কোবাদ মুন্সির ছেলে আব্দুর রহমান প্রায়ই স্ত্রী পারভীনকে নির্যাতন করতেন এবং স্ত্রীকে তালাক দেওয়ার হুমকি দিতেন। সে অন্যত্র একবার বিয়ে করেছিলেন এবং আবারও পরকীয়ায় জড়িয়ে পড়ে।

মেয়ে জান্নাতুন ফেরদৌস আরও জানায়, ‘আমার মাকে বাবা খুন করে পালিয়েছে। এর আগে একাধিকবার আমার বাবা মাকে জবাই করার হুমকি দিয়েছিল।’

ধামইরহাট থানার ওসি মো. রকিবুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ad

পাঠকের মতামত