198281

‘উনার কারণেই আমি বিএনপি করি’

রায় ঘোষণা তখন শেষ। বিচারক এজলাস ছেড়ে চলে গেলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তখনো আদালতে বসে আছেন। সংবাদকর্মীরা ব্যস্ত হয়ে পড়ল সংবাদ পাঠাতে। এ সময় চোখের পানি আর ধরে রাখতে পারেননি আইনজীবী সিমকী ইমাম খান। ভেঙে পড়েন কান্নায়।

সিমকী ইমাম খান জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি কাঁদছিলেন আর বলছিলেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) আমার মা। উনার কারণেই আমি বিএনপি করি।’

আজ বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান ওই রায় দেন। রায়ে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য আসামিদের ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

রায়ের পর আদালতে কাঁদছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সিমকী ইমাম খান। তিনি বলেন, ‘ম্যাডাম আমার মা। উনার কারণেই আমি বিএনপি করি। এটা অবিচারমূলক রায়। ষড়যন্ত্র করে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। আমি আশা করি আমার মা বেরিয়ে আসবেন। আমার মা দোষ করেননি। অন্যায় করা হয়েছে। এভাবে দেশ চলতে পারে না।’

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে হাজিরা দেন ৪৩ দিন। এ সময়গুলোতে খালেদা জিয়ার পাশেই থাকতেন বিএনপির নেত্রী আফরোজা আব্বাস ও সুলতানা আহমেদ। ওই মামলার রায় ঘোষণার পর কান্নায় ভেঙে পড়েন ওই দুই নেত্রী।

আফরোজা আব্বাস তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘এ রায়ে আমরা হতাশ। রায় মেনে নিতে পারছি না।’

আফরোজা আব্বাস বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি। ওই সংগঠনের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।
সূত্র: এনটিভি অনলাইন

ad

পাঠকের মতামত