197928

খালেদার গাড়িবহরের সামনে কর্মীদের ওপর টিয়ারশেল

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘিরে রাজধানীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বিএনপির নেতাকর্মীরা।বৃহস্পতিবার দুপুর একটার দিকে রাজধানীর কাকরাইল মোড়ে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর পৌঁছলে পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করে।

এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশের জবাব দেন। তারা ইট-পাটকেল ছুড়েন। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় বিএনপির কর্মীরা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। বেশ কয়েকজনকে আটক করতেও দেখা গেছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এ মামলায় রায় ঘোষণা করবেন। রায় ঘিরে সকাল থেকে আদালত ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।

মামলায় খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমান ছাড়া বাকি আসামিরা হলেন– মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, সাবেক মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী এবং বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

মামলার এজাহার থেকে জানা গেছে, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

পরে ২০১২ সালের ১৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন-অর রশীদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৪ সালের ১৯ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।

এরপর ২৩৬ কার্যদিবসে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম শেষ হয়। মামরায় ৩২ জন সাক্ষ্য দিয়েছেন। ২৮ দিন ধরে আসামি খালেদা জিয়া ৩৪২ ধারায় জবানবন্দি দিয়েছেন। আর ১৬ দিন তার পক্ষ থেকে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে।

সূত্র: পরিবর্তন

ad

পাঠকের মতামত