প্রেমিকার মায়ের অপবাদ সইতে না পেরে প্রেমিকের আত্মহত্যা
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে এমসি বাজার এলাকার প্রেমিকার মায়ের অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। নিহতের নাম মোস্তাকিম (২০)। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বাঘদা গ্রামের খাইরুল ইসলামের ছেলে। মঙ্গলবার দুপুরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
নিহতের মামা কাঞ্চন মিয়া ও স্বজনরা জানান, শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকার দেলোয়ার হোসেনের বাড়িতে বাবা-মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন স্থানীয় জাবের স্পিনিং মিল কারখানার সাবেক কর্মী মোস্তাকিম। তার সঙ্গে পাশের কক্ষের এক কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মোস্তাকিমকে বাসায় রেখে তার বাবা-মা সোমবার সন্ধ্যায় গ্রামের বাড়ি বেড়াতে যান। রাত ২টার দিকে মেয়ের ইজ্জত লুটে নেয়ার মিথ্যা অপবাদ দিয়ে ওই কিশোরীর মা বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে মোস্তাকিমকে ঘরে আটকে রাখেন। পরদিন (মঙ্গলবার) সকালে মোস্তাকিমকে দেখতে না পেয়ে ঘুম থেকে উঠানোর জন্য পাশের বাড়ি থেকে তার মামা ওই বাসায় গিয়ে দরজা তালাবদ্ধ দেখতে পান। এসময় জিজ্ঞাসা করলে ওই কিশোরীর মা তালাবদ্ধ করে মোস্তাকিমকে ঘরে আটক রাখার কথা স্বীকার করেন। পরে স্থানীয়রা তালা খুলে ঘরে প্রবেশ করে গলায় ফাঁস লাগানো মোস্তাকিমের ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
শ্রীপুর মডেল থানার এসআই মঞ্জুরুল ইসলাম জানান, প্রেমিকার মায়ের দেয়া অপবাদ সইতে না পেরে ক্ষোভে ও অপমানে মোস্তাকিম আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।




