রাস্তায় ১৩ লাখ টাকা পেয়ে ফেরত দিল নারী!
ব্যাংককে জমা দেয়ার জন্য ব্যাগে করে ১ লাখ ২৪ হাজার ইয়ন নিয়ে যাচ্ছিলেন ওয়াং। বাংলাদেশি টাকায় ১৩ লাখের বেশি। অপর হাতে ছিল ময়লার ব্যাগ। ফুটপথের ধারে ময়লার ব্যাগ ফেলতে গিয়ে ভুলে ফেলে দেন টাকার ব্যাগ। ব্যাংকে গিয়ে বুঝতে পারেন তিনি মারাত্মক ভুল করেছেন। কিন্তু ততক্ষণে টাকার ব্যাগ চলে গেছে অন্যের আগে। এমন ঘটনা ঘটেছে চীনের লায়ালিং প্রদেশে। খবর আনন্দবাজার পত্রিকার।
ওয়াং দ্রুত ময়লা ফেলার স্থানে এসে ব্যাগটি খুঁজতে থাকেন। কিন্তু ততক্ষণে টাকার ব্যাগটি উধাও। স্থানীয় পুলিশে খবর দিলে তারা সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করেন।
পুলিশ জানিয়েছে, তারা ঘটনার তদন্তে নেমে প্রথমে সিসিটিভি ফুটেজ দেখেন। ফুটেজ থেকে দেখা যায়, তিনি ডাস্টবিনে নোংরা ফেলার বদলে টাকার ব্যাগটি ফেলে দিচ্ছেন ও পরে একজন ওই ব্যাগটি তুলে নিয়ে চলে যাচ্ছে।
কিন্তু সিসিটিভি ফুটেজে পরিষ্কার বোঝা যাচ্ছিল না কে ওই ব্যাগটি উঠিয়ে নিয়ে গেছে। তদন্তে উঠে আসে, এক ভদ্রমহিলা টাকার ব্যাগটি তুলে নিয়ে গিয়ে থানায় জমা দিয়েছেন। ওয়াং নামের ব্যক্তিটি তার সব টাকা ফিরে পান।
সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মহিলা জানান, ‘এই রকম ব্যাগ ভর্তি টাকা পাওয়ার পর আমি রাতে ঘুমোতে পারিনি।’ পরে মহিলার সততায় খুশি হয়ে ওয়াং তাঁকে ২,০০০ ইউয়ান (২০ হাজার টাকার বেশি) পুরস্কার হিসেবে দেন।




