টাইগারদের ব্যাটিং পরামর্শক বেভান
হাথুরুসিংহে অধ্যায় এখন অতীত। ইতোমধ্যে কোচ ছাড়াই ত্রিদেশীয় সিরিজ, এখন টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। দীর্ঘমেয়াদি কোচের খুজঁছে বিসিবি। এবার প্রধান কোচ রাখার পাশাপাশি প্রতিটি ইউনিটের জন্যও আলাদা স্টাফ রাখতে চাইছে বিসিবি। তাই খোঁজা হচ্ছিল একজন ব্যাটিং পরামর্শকও।
কাঙ্ক্ষিত প্রধান কোচের সন্ধান বিসিবি এখন না পেলেও পাওয়া গেছে ব্যাটিং পরামর্শক। সবকিছু ঠিকঠাক থাকলে অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার মাইকেল বেভানই হতে যাচ্ছেন সাকিব-তামিম-মুশফিকদের আগামী ব্যাটিং উপদেষ্টা।
থিলান সামারাবিরা চলে যাওয়ার পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং উপদেষ্টা পদটি খালি ছিল। তবে কবে নাগাদ তিনি দলের সঙ্গে যোগ দিবেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
শ্রীলঙ্কার বিপক্ষে এখন সিরিজ খেলছে বাংলাদেশ দল। আপাতত দলে ব্যাটিং উপদেষ্টা হিসাবে কাজ করছেন সাইমন হেলমট। তিনি বিসিবি হাইপারফরম্যান্স দলের কোচ। সুতরাং, এই সিরিজে যে মাইকেল বেভান আসছেন না আপাতত এটুকু নিশ্চিত।
আগামী মার্চে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ দল। ওই সিরিজের আগেই মাইকেল বেভানকে দলের সঙ্গে দেখা যেতে পারে। ত্রিদেশীয় সিরিজে অংশ নিবে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারত। আগামী মার্চে শ্রীলঙ্কার স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষে ত্রিদেশীয় টুর্নামেন্টে স্বাগতিক দলের পাশাপাশি অংশ নেবে বাংলাদেশ ও ভারত। নিদাহাস ট্রফি নামক ঐ টুর্নামেন্টই হতে যাচ্ছে টাইগারদের ব্যাটিং পরামর্শক হিসেবে বেভানের প্রথম কাজ।
কোচিং ক্যারিয়ারের অংশ হিসেবে বাংলাদেশে আসা অবশ্য এবারই প্রথম নয় মাইকেল বেভানের। এর আগে ২০১২ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগে তৎকালীন দল চিটাগাং কিংসের ব্যাটিং উপদেষ্টা ছিলেন তিনি। ২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর ২০১১ সালে কোচিংকে ক্যারিয়ার হিসেবে বেছে নেন সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার। ৪৭ বছর বয়সী ব্যাটসম্যান খেলোয়াড়ি জীবনে ছিলেন বোলারদের ত্রাস।
মাইকেল বেভান অস্ট্রেলিয়ার হয়ে ১৮টি টেস্ট ও ২৩২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। টেস্টে তার রান সংখ্যা ৭৮৫ ও ওয়ানডেতে ৬৯১২। সাদা পোশাকের ক্রিকেটে তার উইকেট সংখ্যা ২৯টি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তিনি উইকেট নিয়েছেন ৩৭টি।









