হঠাৎ একসঙ্গে বিএফডিসিতে
ঋতুপর্ণা ও মৌসুমীঋতুপর্ণা ও মৌসুমীঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা প্রিয়দর্শিনী মৌসুমী ও ওপার বাংলার নন্দিত নায়িকা ঋতুপর্ণার হঠাৎ দেখা হলো বিএফডিসিতে। পাশাপাশি দুটি ফ্লোরে শুটিং চলছিলো আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ এবং উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হবো’র। শুটিংয়ের ফাঁকেই মৌসুমী ও ঋতুপর্ণা একে অন্যের সঙ্গে দেখা করেন। শুটিং শেষে ঋতুপর্ণার ‘একটি সিনেমার গল্প’ এবং মৌসুমীর ‘আমি নেতা হবো’ দুটি চলচ্চিত্রই মুক্তির অপেক্ষায় আছে।
ঋতুপর্ণা প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘ঋতু আমার খুব ভালো একজন বন্ধু। ঢাকায় এলেই আমাদের যোগাযোগ হয়। আমরা একে অন্যের সঙ্গে দেখা করি, গল্প করি। আবার একসঙ্গে শপিংয়েও যাই। সবমিলিয়ে দু’জনের বেশ ভালো সময় কাটে। অভিনেত্রী হিসেবে নিঃসন্দেহে ঋতু একজন বড় মাপের অভিনেত্রী। দুই বাংলাতেই তার জনপ্রিয়তা রয়েছে।’
আর ঋতুপর্ণা বলেন, ‘মৌসুমীর সঙ্গে আমার সম্পর্কটা বলা যায় পারিবারিক। মৌসুমী, ফেরদৌস আমার খুবই ভালো বন্ধু। তাই ঢাকায় এলেই তাদের সঙ্গে আমার দেখা হয়। মৌসুমী খুব বড় মনের একজন মানুষ। খুব মিষ্টি তার চেহারা। যে কারণে যতোদূর আমি জানি দীর্ঘ একটা সময় ধরেই সে ভালোভাবে কাজ করে যাচ্ছে। আমি সবসময়ই তার জন্য আশীর্বাদ করি সে যেন ভালো থাকে, সুস্থ থাকে।’
এদিকে ঋতুপর্ণা বর্তমানে কমলেশ্বরের নির্দেশনায় ‘গুডনাইট সিটি’ চলচ্চিত্রের কাজ করছেন কলকাতায়। এতে তার বিপরীতে আছেন শ্বাশত। এই চলচ্চিত্রে ঋতু একজন বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করছেন।
‘একটি সিনেমার গল্প’ ছবিটি প্রসঙ্গে ঋতুপর্ণা বলেন, ‘আলমগীর ভাই খুব ভালো মনের একজন মানুষ। অভিনেতা হিসেবে বড় মাপের অভিনেতাতো অবশ্যই। নির্মাতা হিসেবেও তিনি অসাধারণ। আমি তার নির্দেশনা দারুণ উপভোগ করেছি এবং আমি খুব আশাবাদী চলচ্চিত্রটি নিয়ে।’
এদিকে মৌসুমী বর্তমানে ইস্পাহানী আরিফ জাহানের নির্দেশনায় ‘নায়ক’ চলচ্চিত্রের শুটিং নিযে ব্যস্ত আছেন। এতে তার বিপরীতে আছেন অমিত হাসান। এছাড়া মৌসুমী এরইমধ্যে শেষ করেছেন ফেরদৌস প্রযোজিত ‘পোস্টমাস্টার ৭১’ চলচ্চিত্রের কাজ।




