সাকিব-মাশরাফির দাপটে কাঁপছে জিম্বাবুয়ে দেখুন (সরাসরি)
কম পুঁজি নিয়ে জয়ের পথে এগিয়ে যেতে দ্রুত প্রতিপক্ষের উইকেট তুলে নেওয়ার বিকল্প নেই। ত্রিদেশীয় সিরিজের মঞ্চে প্রাথমিক কাজটা করে দিয়েছেন টাইগার ক্যাপ্টেন মাশরাফি। এরপর একই ওভারে জোড়া আঘাতে জিম্বাবুয়েকে কাঁপিয়ে দিলেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব। পরপর দুই বলে তুলে নিলেন সলোমন মির (৭) এবং ব্রেন্ডন টেইলরের (০) উইকেট।
২১৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৪ রানেই প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। অধিনায়ক মাশরাফির বলে সাব্বির রহমানের তালুবন্দি হন অভিজ্ঞ হ্যামিল্টন মাসাকাদজা (৫)। এরপর সাকিবের জোড়া আঘাতে কার্যত ব্যাকফুটে চলে যায় জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের দূর্গে চতুর্থ আঘাত হানেন মাশরাফি। ক্রেইগ এরভিনকে (১১) সেই সাব্বিরের তালুবন্দি করে প্যাভিলিয়নে ফেরত পাঠান তিনি।
ই রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ১০.৫ ওভারে ৪ উইকেট ৪১ রান।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের নেমে জিম্বাবুয়ের বোলিং তোপে ৯ উইকেটে ২১৬ রান তোলে বাংলাদেশ। ধীর শুরুর পর দলীয় ৬ রানেই রানে কাইলি জার্ভিসের বলে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন এনামুল হক বিজয়। ৭ বলে তার সংগ্রহ ১ রান। তামিম ইকবালের সঙ্গী হন সাকিব। দুজনে মিলে গড়েন ১০৬ রানের চমৎকার এক জুটি। সিকান্দার রাজার বলে ৩৭তম হাফ সেঞ্চুরি করে সাকিব (৫১) আউট হলে ভাঙে এই জুটি।
সাকিবের বিদায়ের পরই ৭৮ বলেই ক্যারিয়ারের ৪১তম এবং চলতি সিরিজে টানা তৃতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তার ব্যক্তিগত স্কোর ৬৬ স্পর্শ করতেই প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডে ৬ হাজার রানের মালিক হয়ে যান তামিম। এর আগেই অবশ্য লঙ্কান কিংবদন্তি সনাথ জয়াসুরিয়ার রেকর্ড ভেঙে একই ভেন্যুতে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়েন তিনি। তামিমের রেকর্ড গড়ার পরের বলেই গ্রায়েম ক্রেমারের শিকার হন মুশফিকুর রহিম (১৮)।
মুশফিকের ভায়রা ভাই মাহমুদ উল্লাহ রিয়াদও আজ ব্যর্থ। ক্রেমারের দ্বিতীয় শিকার হওয়ার আগে করেন ৭ বলে ২ রান। রিয়াদের বিদায়ের পরই ক্রেমারের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ১০৫ বলে ৭৬ রান করা তামিম। তার দশম সেঞ্চুরি আজও হল না। এরপরই বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। দাঁড়াতে পারেননি কেউ। সাব্বির রহমান (৬) আর নাসির হোসেন (২) উভয়েই শিকার হয়েছেন জার্ভিসের। ৮ বলে কোনো রান না করেই জিম্বাবুয়ে অধিনায়কের শিকার হন টাইগার ক্যাপ্টেন মাশরাফি।
ব্যাটসম্যানদের ব্যর্থতার পর দলের স্কোর ২০০ পার করান টেইল এন্ডাররা। ২৪ বলে ৩ চারে ১৯ করেন সানজামুল। জার্ভিসকে বিশাল এক ছক্কা মেরে ৪ বলে ৮ রানে অপরাজিত রইলেন রুবেল। মুস্তাফিজ আজ হঠাৎ ব্যাটসম্যান রূপে দেখা দেন। তার ২২ বলে অপরাজিত ১৮ রানের ইনিংসে ছিল ২টি বাউন্ডারির মার। ৫০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২১৬ রান।
https://youtu.be/d9iPHzLF8yM




