ঢাকার ৯৫ ভাগ শিশু নিকোটিনের বিষক্রিয়ায় আক্রান্ত
শিশুদের শরীরে নিকোটিন পাওয়া গেলে সেটা চিন্তার বিষয়ই বটে কিন্তু তা যদি হয় ৯৫ ভাগ শিশুর ক্ষেত্রে তবে তা আঁতকে ওঠারই কথা। গবেষণায় দেখা গেছে, পরোক্ষ ধূমপানের কারণে ঢাকা ও আশপাশের এলাকার ৯৫ ভাগ শিশুই নিকোটিনের বিষক্রিয়ায় আক্রান্ত। সূত্র – ডিবিসি নিউজ
ধূমপায়ীর সিগারেটের ধোঁয়া থেকে বের হওয়া নিকোটিন প্রবেশ করছে পাশে থাকা অধূমপায়ীর শরীরে। ফুটপাতে হাঁটার সময় বা রাস্তায় বাসের জন্য দাঁড়ালে অনেক সময় ধূমপান না করেও খেতে হয় ধোঁয়া।
ঢাকা বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইয়র্ক, ইউনিভার্সিটি অব এডিনবার্গ এবং লিডস সিটি কাউন্সিলের জনস্বাস্থ্য বিভাগের যৌথভাবে পরিচালিত এক গবেষণায় ঢাকা এবং আশপাশের এলাকার ৯৫ শতাংশ শিশুর শরীরে নিকোটিন পাওয়া গেছে। যুক্তরাজ্যের অক্সফোর্ড থেকে প্রকাশিত নিকোটিন অ্যান্ড টোব্যাকো রিসার্চ সাময়িকীতে এ গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে।
রাজধানীর মিরপুরের ৬টি এবং সাভারের ৬টি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে চালানো হয় এ গবেষণা। তাদের বেশিরভাগেরই বয়স ছিল ১১ থেকে ১৩ বছর।
৪৭৯জন শিশুর লালা সংগ্রহ করে যুক্তরাজ্যের ল্যাবে পরীক্ষা করা হয়। ৪৫৩ জনের লালাতে নিকোটিন পাওয়া গেছে। গবেষণায় ৪৩ ভাগ শিশু জানিয়েছে, তার পরিবারে কমপক্ষে একজন ধূমপান করে। আর ৮৭ ভাগ শিশুই জনপরিসরে পরোক্ষ ধূমপানের শিকার।
চিকিৎসকরা বলেন, পরোক্ষ ধূমপান থেকে শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়।
গবেষণা বলছে, পরোক্ষ ধূমপানের হাত থেকে শিশুদের রক্ষা করতে ব্যাপক জনসচেতনতার বিকল্প নেই।






