সমকামীদের প্রতীক জন আব্রাহাম!
বিনোদন ডেস্ক: বলিউড ছবি ‘দোস্তানা’র একটি দৃশ্যে জন আব্রাহাম তার পেশিবহুল ঊর্ধ্বাঙ্গ তুলে ধরার পাশাপাশি অন্তর্বাস সামান্য নামিয়ে নিতম্ব দেখিয়েছিলেন। এই জন্য বেশ বিপাকে পড়তে হয়েছিল এ অভিনেতাকে। জনের সেই নিতম্ব দেখানো বিতর্কিত ছবিটি এখন আলোচনার শীর্ষে।
কারণ জানা গেল, মেক্সিকোর এক সমকামী ক্লাবে প্রতীকী হিসেবে ব্যবহার করা হচ্ছে জনের সেই বিতর্কিত ছবিটি। নায়কের অজান্তেই তার এই বিখ্যাত ছবিটা ব্যবহার করেছেন ‘ওয়েট অ্যান্ড ওয়াইল্ড’ শিরোনামের মেক্সিকোর ‘গে ক্রুজ পার্টি’র উদ্যোক্তারা। বছর শেষের রাতে সমকামী পুরুষদের বিনোদন দিতে এবং এই পার্টির প্রতি তাদের আকর্ষণ বাড়াতে জনের ছবিটা বিজ্ঞাপন ব্যবহার করেছেন তারা। যদিও পুরোটা নয়, ছবিতে নায়কের নিতম্বের অংশটুকু ছেঁটে বাদ দিয়েছেন তারা।
জন আব্রাহামের ছবিওয়ালা এই বিজ্ঞাপনটি টুইটারে সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন ওদেশের লেখিকা নিয়া লেভি কিং। অতিরিক্ত কৌতূহলী হয়ে লেখিকা জানতে চেয়েছেন, ‘জন কি জানেন তার ছবিটা মেক্সিকোর গে ক্রুজ পার্টির বিজ্ঞাপনে ব্যবহার করা হচ্ছে?’ লেখিকার এই পোস্ট স্বাভাবিকভাবেই ঝড় তুলেছে টুইটারে। কেউ লিখছেন, ‘দেখে তো মনে হয় জন আব্রাহাম একজন খোলামেলা মানুষ! মনে হয় না তিনি ব্যাপারটা জানতে পারলে আপত্তি করবেন!’ আবার নায়কের এক ভক্ত সবার প্রতিনিধিত্ব করে লিখেছেন, ‘নায়ক কিছু মনে না করলেও আমরা ভক্তরা ব্যাপারটা ভালো ভাবে নিতে পারছি না।’ তবে এই নিয়ে এখনো নায়কের কোনো মন্তব্য জানা যায়নি।
প্রসঙ্গত, ২০০৮ সালে মুক্তি প্রাপ্ত ‘দোস্তানা’ ছবিতে সমকামী চরিত্রে অভিনয় করেছিলেন বলিউড অভিনেতা জন অব্রাহাম। মুক্তির পর জনপ্রিয়তার পাশাপাশি বিতর্ক সৃষ্টি করেছিল করণ জোহরের সিনেমাটি। বিতর্ক এই কারণে, সমকামী পুরুষদের অনেকে আপত্তি তুলেছিলেন ছবিটা নিয়ে। তাদের বক্তব্য ছিল, ‘দোস্তানা’য় সমকামীদের নিয়ে রসিকতা করা হয়েছে!
‘দোস্তানা’ বলিউডের প্রথম এবং শেষ বাণিজ্যিক সিনেমা, যা পুরুষের সমকামিতাকে কেন্দ্র করে নির্মিত হয়েছিল।




