সেরা ১০ অভিনেতা আয়ের বিচারে
বছর শেষে বিশ্বখ্যাত অভিনেতাদের কাজের বিবরণী প্রকাশ পায়। কে কতগুলো ছবিতে অভিনয় করেছে, কতগুলো ছবি ব্যবসাসফল হয়েছে, কত টাকা আয় করেছে, আলোচনা, সমালোচনা ইত্যাদি বিভিন্ন বিষয় উঠে আসে। প্রতিবছরের ন্যায় এবারও বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিন আয়ের বিচারে সেরা অভিনেতাদের তালিকা প্রকাশ করেছে। চলুন দেখে নেই আয়ের বিচারের ২০১৭ সালের সেরা ১০ অভিনেতা কাঁরা:
মার্ক ওয়ালবার্গ
তিনি হলিউডের বিখ্যাত অভিনেতে, প্রযোজক ও র্যাপার। আয়ের বিচারে ফোর্বসের সেরা তালিকায় মার্ক ওয়ালবার্গ প্রথম। ২০১৭ সালে তাঁর আয় দাঁড়ায় ৬৮ মিলিয়ন মার্কিন ডলারে। মার্কের আয়ের বড় একটা অংশ আসে ‘ড্যাডিস হোম ২’ এবং ‘ট্রান্সফরমার্স: দ্য লাস্ট নাইট’ থেকে। এছাড়া রিয়্যালিটি শো ‘ওয়ালবার্গস’ এবং রেস্টুরেন্ট ব্যবসা থেকেও তিনি বড় অংকের আয় করেন।
ডোয়াইন জনসন
তালিকায় দ্বিতীয় স্থানে আছেন হলিউডের আরেক জনপ্রিয় তারকা অভিনেতা ডোয়াইন জনসন রক। তাঁর আয় ৬৫ মিলিয়ন মার্কিন ডলার। রক সারাবিশ্বে একজন রেসলার হিসেবে সর্বাধিক পরিচিত হলেও দীর্ঘদিন অভিনয়ের সঙ্গে জড়িত। দীর্ঘ দেহ ও হাসি-তামাশার জন্য অনেকের কাছেই তিনি প্রিয়। ২০১৬ সালে তাঁর অভিনীত কমেডি ছবি ‘সেন্ট্রাল ইন্টিলিজেন্স’ এবং এইচবিও-এর টিভি সিরিজ ‘বোলার্স’ থেকে অনেক অর্থ আয় করেন ডোয়াইন জনসন।
ভিন ডিজেল
‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ খ্যাত এই অভিনেতার আয় ৫৪.৫ মিলিয়ন মার্কিন ডলার। খুব স্বাভাবিক ভাবেই ভিন ডিজেলের আয়ের বেশিরভাগ উৎস হিসেবে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর ৮টি ছবিকে। কারণ সবগুলো ছবিই সুপারহিট। কিন্তু, এটাই ভিন ডিজেলের আয়ের একমাত্র উৎস নয়। তাঁর সিরিজ ছবি রিড্ডিক ও কমিক বুক থেকে নির্মিত ছবি গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি আয়ের অনেক বড় উৎস।
অ্যাডাম স্যান্ডলার
দর্শক তাঁকে ভালোবাসুক আর না বাসুক, এবছর ফোর্বসের সেরা দশের তালিকায় জায়গা করে নিয়েছেন এই হলিউড অভিনেতা। তালিকার চতুর্থ স্থানে রয়েছেন হলিউডের এই অভিনেতা ও প্রযোজক। তাঁর আয় ৫০.৫ মিলিয়ন মার্কিন ডলার। অ্যাডাম স্যান্ডলারের তাঁর প্রযোজিত ছবি নিয়ে আমেরিকার অনলাইন ভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘নেটফ্লিক্সে’র সঙ্গে এক লোভনীয় চুক্তিতে সই করেছেন। আপাতত এটাই এবছর তাঁর আয়ের অন্যতম উৎস হিসেবে ধরা যায়।
জ্যাকি চ্যান
তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন এই কংফু মাস্টার অভিনেতা। বছর শেষে তাঁর আয় ৪৯ মিলিয়ন মার্কিন ডলার। এই পুরো টাকার সবটাই অভিনয় থেকে আয় করেন নি জ্যাকি চ্যান। তাঁর পোশাকের ব্যবসাসহ বিভিন্ন ধরনের ব্যবসা থেকে এসেছে এই অর্থ।
রবার্ট ডাউনি জুনিয়র
আয়ের দিক থেকে হলিউডের অন্যতম সেরা অভিনেতা তিনি। প্রায় অনেক বছর তিনি সেরা দশের তালিকায় প্রথম দিকে ছিলেন। এবারের তালিকার ডাউনির সেরা পাঁচ থেকে ছিটকে পড়াটা এক ধরনের চমকই বলা যায়। ৪৮ মিলিয়ন মার্কিন ডলার আয় করে ষষ্ঠ স্থানে রয়েছেন ডাউনি। তিনি হলিউডের একজন শক্তিশালী অভিনেতা, প্রযোজক ও গায়ক। আয়রন ম্যান সিরিজে টনি স্টার্ক ও শার্লক হোমস সিরিজে শার্লক হোমসের চরিত্রে অসাধারণ অভিনয় তাঁকে সেরার তালিকায় ঠাঁই দেয়।
টম ক্রুজ
তিনি হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ও পরিচালক। আয়ের বিচারে এবছর সেরা দশের সাতে অবস্থান করেছেন টম ক্রুজ। এবছর তাঁর আয় দাঁড়িয়েছে ৪৩ মিলিয়ন মার্কিন ডলার। তাঁর অভিনীত টপ গান ও মিশন ইম্পসিবল ছবিতে অভিনয়ের জন্য খ্যাতি অর্জন করেন টম। যদিও ব্যাক্তিগত জীবন নিয়ে নানা বিতর্কের জন্ম দিয়েছেন এই অভিনেতা।
শাহরুখ খান
বলিউডের অন্যতম সফল অভিনেতা তিনি। ছবিতে সর্বোচ্চ পারিশ্রমিক দাবি করা বলিউড তারকাদের মধ্যেও অন্যতম এই অভিনেতা। এবছর তাঁর আয় দাঁড়িয়েছে ৩৮ মিলিয়ন মার্কিন ডলার।সেরার তালিকায় শাহরুখ খানের অবস্থান অষ্টম। সিনেমায় অভিনয় ছাড়াও বিভিন্ন ব্যাবসা আর বিজ্ঞাপন তাঁর ব্যাংক ব্যালেন্স ভারি করেছে।
সালমান খান
বহুমুখী প্রতিভার এই বলিউড সুপারস্টারের আয় ৩৭ মিলিয়ন মার্কিন ডলার। এই আয়ে সেরা দশের নয় নম্বর স্থান দখল করে নেয় সালমান খান। সিনেমায় অভিনয় ছাড়াও টিভি শো, ব্যাবসা ও বিজ্ঞাপন সালমানের আয়ের বড় উৎস।
অক্ষয় কুমার
সেরা দশের সবশেষ অবস্থানে রয়েছেন আরেক বলিউড অভিনেতা অক্ষয় কুমার। ৩৫ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার উপার্জন করে তিনি সেরা দশের তালিকায় স্থান পেয়েছেন। বছরে ৪টি ছবিতে স্বাক্ষর এবং টিভি শো উপস্থাপনা করে সেরা অর্থ উপার্জনকারী অভিনেতার তালিকায় প্রবেশ করেন অক্ষয় কুমার। এছাড়া অন্যান্য অভিনেতাদের ন্যায় বিজ্ঞাপন থেকেও অনেক অর্থ আসে এই জনপ্রিয় অভিনেতার।




