187972

গুলি ট্যাবলেট সোহেলকে প্রাণ গেল টিপুর

যশোরে এক সন্ত্রাসীকে লক্ষ্য করে আরেক দল সন্ত্রাসীর ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে এক দোকানির বুকে লাগলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ২২ বছর বয়সী ওই দোকানির নাম টিপু সুলতান।

শহরের টিবি ক্লিনিক মোড়ে গতকাল শনিবার সকালে প্রকাশ্যে ওই ঘটনা ঘটে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানায়, টিবি ক্লিনিক মোড়ে রাস্তার পাশে একটি ছোট দোকানে পুরি-শিঙাড়া বানিয়ে বিক্রি করতেন ওই এলাকার বাসিন্দা টিপু সুলতান। ট্যাবলেট সোহেল নামে পরিচিত এক সন্ত্রাসী প্রায়ই টিপুর দোকানে বসে পুরি-শিঙাড়া খেত। গতকালও ট্যাবলেট সোহেল ওই দোকানে বসা ছিল। প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানায়, স্থানীয় কয়েকজন সন্ত্রাসী এসে সোহেলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে নিরীহ টিপুর বুকে লাগে। টিপুকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টিপুর বাবার নাম মোহাম্মদ আলী।

টিপুর মা ডালিম খাতুন বলেন, ‘আমার ছেলে রাস্তার পাশে ছোট্ট একটি দোকান করে নিজে পুরি-শিঙাড়া তৈরি করে বিক্রি করে।

সকাল ১১টার দিকে দুটি মোটরসাইকেলে কয়েকজন সন্ত্রাসী এসে দোকানে বসে থাকা সোহেলকে গুলি করে। সোহেল মাথা সরিয়ে নিলে টিপুর বুকে গুলি লাগে। টিপু মাটিতে লুটিয়ে পড়ে। ওরা ষষ্ঠীতলার দিকে পালিয়ে যায়। ’
যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক কল্লোল কুমার বলেন, ‘হাসপাতালে আনার আগেই টিপুর মৃত্যু হয়েছে। তাঁর বুকে গুলির ক্ষত রয়েছে। ’

এলাকাবাসী জানায়, ট্যাবলেট সোহেল আওয়ামী লীগের একটি গ্রুপের সঙ্গে যুক্ত। যারা তাকে মারতে এসেছিল তারাও আওয়ামী লীগের আরেকটি গ্রুপের সঙ্গে জড়িত।

এই দুই গ্রুপের বিরুদ্ধে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

ঘটনার পর পর সোহেলের সমর্থকরা ওয়ার্কার্স পার্টির কর্মী খবির শিকদারের বাড়ি ভাঙচুর করে। খবির শিকদার বলেন, ‘আমি কিছুই জানি না। যখন আমার বাড়ি ভাঙচুর করা হয় তখন এলাকায় পুলিশ ছিল। ’

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার বলেন, একদল সন্ত্রাসী আরেক সন্ত্রাসীকে হত্যা করার জন্য এসেছিল। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে টিপুর বুকে লাগে। ঘটনাস্থলেই তিনি মারা যান। খুনিদের আটক করার জন্য অভিযান শুরু হয়েছে।
সূত্র: কালের কণ্ঠ

ad

পাঠকের মতামত