‘একজন তারেকের আরেকজন বেগম জিয়ার লোক’
রংপুরের নির্বাচন নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পরস্পরবিরোধী বক্তব্যের জবাব দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বাজারে গুঞ্জন আছে তাদের একজন তারেকের লোক, আরেকজন বেগম জিয়ার লোক’।
শুক্রবার রাতে প্রয়াত মেয়র আনিসুল হক স্মরণে নোয়াখালী জেলা সমিতি আয়োজিত সভায় বক্তব্য দেয়ার আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আসল বিষয় হচ্ছে, বিএনপি নির্বাচনে জয়ী হলে নির্বাচন সুষ্ঠু, আর পরাজিত হলে নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে। যেমন তারা জেতার পর বলেছে, কুমিল্লায় সুষ্ঠু নির্বাচন হয়েছে। নারায়ণগঞ্জে হেরে গিয়ে সুক্ষ্ম কারচুপির অভিযোগ করেছে। এখন আবার রংপুর নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছে। সবাই বলেছে, রংপুরে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। এজন্য সবাই নির্বাচন কমিশনকে ধন্যবাদও জানিয়েছে। কিন্তু বিএনপি ধন্যবাদ জানাতে পারেনি। যদিও ফখরুল সাহেব বলেছেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। আবার এও বলেছে, নির্বাচন কমিশন ব্যর্থ। এটাও তার স্ববিরোধী বক্তব্য।
তিনি বলেন, রংপুরের নির্বাচন বিএনপির আত্মতুষ্টিকে ভেঙে দিয়েছে। তারা জাতীয় নির্বাচন নিয়ে মন্তব্য করতে গিয়ে আমাদের কখনো ৩০ সিট, ৪০ সিট আবার কখনো ২৫ সিট পাওয়ার কথা বলেছে। তাদের এই অহমবোধ ভাঙ্গবে। এটি জাতীয় নির্বাচনের আগের তাদের (বিএনপি) জন্য একটি বার্তা।
রংপুরে পরাজিত হয়েও কিভাবে আওয়ামী লীগের রাজনৈতিক জয় হল? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন এত ভালো হয়েছে। তারা বলেছে, সকরার হস্তক্ষেপ করবে, সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করেনি। এটি আমাদের রাজনৈতিক বিজয় নয়? নির্বাচনে দুদিন আগে প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, প্রশাসনকে বলতে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিতে চাই। সেটা আমরা পেরেছি। শেখ হাসিনার সরকার নির্বাচন কমিশনকে অবাধ সুষ্ঠু ও স্বাধীন কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে সব ধরনের সহযোগিতা করেছে।
আগামী জাতীয় নির্বাচনেও কি এই অবস্থা বজায় থাকবে? এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, স্থানীয় সরকার নির্বাচন ও জাতীয় নির্বাচন এক নয়। স্থানীয় সরকার নির্বাচনে ভোটারদের কাছে প্রার্থীর একটা ধার্তব্যের বিষয় আছে।’
কেন আওয়ামী লীগের পরাজয়? এ প্রশ্নের জবাব দেননি দলের সাধারণ সম্পাদক। তিনি বলেন, এটি নিয়ে পার্টির ফোরামে কথা হবে। এর আগে আমি কিছু বলতে পারবো না।
সূত্র: পরির্বতন




