187505

কিং খানকে টপকে শীর্ষে কোহলি!

তার ব্র্যান্ডিংয়ে মাত হয়েছে তামাম দুনিয়া। স্টিফেন কারি, লিওনেল মেসির থেকেও বেশি ব্র্যান্ড ভ্যালু তার। ক্রিকেট দুনিয়ায় তিনিই সবথেকে মূল্যবান। এবার ক্রীড়াক্ষেত্র ছাপিয়ে ব্র্যান্ড কোহলির ‘দুনিয়া’ প্রসারিত দেশের সেলিব্রিটি জগতেও। আর্থিক মূল্যায়ন সংস্থা ‘ডাফ অ্যান্ড ফেল্পস’-এর সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে কোহলির সেলিব্রিটি ব্র্যান্ডিংয়ে টপকে গিয়েছেন শাহরুখ খানকেও।

কোহলির বর্তমান ব্র্যান্ডিংয়ের মূল্য ১৪৩ মিলিয়ন ডলার। ২০১৪ সাল থেকেই দেশের সবথেকে মূল্যবান সেলিব্রিটির তকমা দখল করে রেখেছিলেন কিং খান। এবার ‘বলিউডের বাদশাকেই’ সিংহাসনচ্যুত করলেন কোহলি। দীপিকা পাডুকোন, রণবীর সিংহের সঙ্গে সেলিব্রেটিদের তালিকায় শীর্ষে রয়েছেন কোহলি।

কোহলির শৃঙ্গে চড়ার দিনে এই তালিকায় ধোনি নবম স্থান থেকে ত্রয়োদশ স্থানে পিছিয়ে গেলেন। পিভি সিন্ধু আবার প্রথম পনেরোয় চলে এসেছেন। এই প্রথমবার কোনও মহিলা ক্রীড়াবিদ প্রথম পনেরোয় স্থান পেলেন।

আর্থিক মূল্যায়ন সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার শীর্ষ কর্তা বরুণ গুপ্ত জানিয়েছেন, গত তিন বছরে প্রথমবার শাহরুখ খানকে কেউ শীর্ষস্থান থেকে নামাল। বিজ্ঞাপনি দুনিয়ায় গ্রাহকদের আকৃষ্ট করার জন্য কোহলিই এখন প্রথম পছন্দ।

অন্য এক কর্মকর্তা বলেছেন, ‘কোহলি ভারতীয় অ্যাথলেটদের সংজ্ঞাটাই পাল্টে দিয়েছেন। ফিটনেস বিষয়টিকেই কার্যত বদলে দিয়েছেন কোহলি। ওর স্টাইল দেশের যুব সমাজ ফলো করে।’’

চলতি বছরের শুরুর দিকে কোহলি একটি সংস্থার সঙ্গে আট বছরের জন্য ১০০ কোটি টাকার এনডোর্সমেন্ট চুক্তি করেছিল। কোনও ভারতীয় ক্রীড়াবিদের একটি ব্র্যান্ডের সঙ্গে শত কোটি টাকার চুক্তি রূপায়ণ সেই প্রথমবার দেশের ইতিহাসে।

ad

পাঠকের মতামত